পটিয়ায় আ.লীগ নেতাকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় আসামি ইন্দ্রজিৎ চৌধুরী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন ও মারধরের ঘটনায় করা মামলার আসামি ইন্দ্রজিৎ চৌধুরীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইন্দ্রজিৎ চৌধুরী হাইদগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। নির্যাতনের শিকার জিতেন কান্তি গুহ হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ও চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা পরিষদের সভাপতি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইন্দ্রজিৎ চৌধুরীকে চট্টগ্রাম নগরীর আসকারদিঘির পাড় এলাকার আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিতেন কান্তি গুহকে নির্যাতনের ঘটনায় করা মামলার ৪ নম্বর আসামি তিনি।

আরও পড়ুন

ওসি রাশেদুল ইসলাম আরও বলেন, এর আগে এই মামলার প্রধান আসামি হাইদগাঁও ইউপি চেয়ারম্যান বদরুদ্দিন মোহাম্মদ জসিম ওরফে বি এম জসিম এবং তাঁর ছেলে দুই নম্বর আসামি মুসফিক উদ্দীন ওয়াসিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল বিকেলে পূর্ব হাইদগাঁও গাউছিয়া কমিউনিটি সেন্টারের হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে বেলা তিনটার দিকে ইউপি চেয়ারম্যান বি এম জসিমসহ তাঁর পক্ষের লোকজন এসে জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। এ সময় ইফতার অনুষ্ঠানও পণ্ড হয়ে যায়। পরে নির্যাতনের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বি এম জসিম হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি গত ২৬ ডিসেম্বরের ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেন। এ কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন

এদিকে জিতেন কান্তি গুহকে নির্যাতনের ঘটনায় ২৯ এপ্রিল রাতে তাঁর ছোট ভাই তাপস কান্তি গুহ বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেন। এতে বি এম জসিমকে প্রধান আসামি করে সাতজনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা আরও পাঁচ–ছয়জনকে আসামি করা হয়।

এদিকে ১০ মে সকালে ইন্দ্রজিৎ চৌধুরীর স্ত্রী সুবর্ণা দাশ চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেন, ২৯ এপ্রিল একটি অনুষ্ঠানে জিতেন কান্তি গুহকে পেয়ে বিক্ষুব্ধ লোকজন লাঞ্ছিত করেন। খবর পেয়ে চেয়ারম্যান বি এম জসিমসহ ঘটনাস্থলে ছুটে যান। পরে ইন্দ্রজিৎ চৌধুরী ও বি এম জসিমকে জড়িয়ে মিথ্যা মামলা করা হয়। সংবাদ সম্মেলনে বি এম জসিমের বৃদ্ধ মা ও স্ত্রী–সন্তানেরা উপস্থিত ছিলেন।

ওসি রাশেদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিতেন কান্তি গুহকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন ইন্দ্রজিৎ চৌধুরী। তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে তিন দিনের রিমান্ডের আবেদন করা হচ্ছে।