পদ্মা সেতুর ৪০তম স্প্যান শুক্রবার বসতে পারে
আগামীকাল শুক্রবার পদ্মা সেতুর ৪০তম স্প্যান (২-এফ) বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১১ ও ১২ নম্বর পিয়ারের (খুঁটি) ওপর স্প্যানটি বসানো হবে। আজ বৃহস্পতিবার স্প্যানটিকে নির্দিষ্ট পিয়ারের কাছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেতুসংশ্লিষ্ট প্রকৌশলীরা।
৩৯তম স্প্যানটি বসানোর ৭ দিনের মাথায় এই স্প্যান বসতে যাচ্ছে। এ স্প্যানটি বসানো হলে সেতুর ৬ কিলোমিটার দৃশ্যমান হবে। সেই সঙ্গে সম্পূর্ণ সেতু দৃশ্যমান হতে বাকি থাকবে মাত্র একটি স্প্যান। ২৭ নভেম্বর মাওয়া প্রান্তের ১০ ও ১১ নম্বর খুঁটির ওপর ৩৯তম স্প্যানটি বসানো হয়েছিল।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন দিয়ে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪০তম স্প্যানটি নির্ধারিত খুঁটির উদ্দেশে রওনা হয়। মাঝপদ্মার ওই দুটি খুঁটিতে সাড়ে ১১টার মধ্যে স্প্যানটি পৌঁছায়। কারিগরি সব ধরনের কাজ শেষ করে স্প্যানবাহী ভাসমান ক্রেনটি নোঙর করে রাখা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বসানোর কার্যক্রম শুরু হবে। দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে স্প্যানটি খুঁটিতে বসে যাবে।
১৬ ডিসেম্বরের আগে ১২ ও ১৩ নম্বর খুঁটিতে সবশেষ ৪১তম স্প্যানটি বসানো হবে। স্প্যানটি মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত আছে।
এদিকে পদ্মা সেতু নির্মাণে প্রয়োজন হবে ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব। এর মধ্যে গত ৩০ নভেম্বরের হিসাব অনুযায়ী ১ হাজার ২৩৯টি রোড স্ল্যাব বসানো হয়েছে। এ ছাড়া ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানো হবে। এর মধ্যে এখন পর্যন্ত বসানো হয়েছে ১ হাজার ৮৬০টি।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হলো ৩৯টি স্প্যান। সংশোধিত তারিখ অনুসারে ২০২১ সালের জুন মাসে সেতুর সব ধরনের কাজ শেষ করার কথা রয়েছে।
মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর কাঠামো। সেতুর ওপরের অংশে যানবাহন ও নিচ দিয়ে চলবে ট্রেন।