পাঁচ দিন বন্ধ থাকার পর আশুলিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানটি খুলছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা জেলা পুলিশ সুপারের মতবিনিময়। আজ সকালে
ছবি: প্রথম আলো

শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আলোচিত হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজ পাঁচ দিন বন্ধ থাকার পর কাল শনিবার খুলছে। আজ শুক্রবার সকালে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন সরদারের মতবিনিময় শেষে শিক্ষার্থীদের নিয়ে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষকেরা।

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল হাসান প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানের উন্মুক্ত মঞ্চে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় পুলিশ সুপার সবার কাছে তাঁদের সমস্যাগুলো জানতে চান। পরে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় জানালে সেগুলোর সমাধান নিয়ে কথা বলেন তিনি। বিশেষ করে নিরাপত্তার বিষয়টিতে জোর দেওয়া হয়।

আরও পড়ুন

অধ্যক্ষ বলেন, ‘মামলার প্রধান আসামি জিতুর রিমান্ড শেষ হওয়ার আগে তার সহযোগীদের চিহ্নিত করা যাচ্ছে না। তারাও তো ক্ষিপ্ত হতে পারে আমাদের ওপর। তা ছাড়া বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বখাটেদের আড্ডাসহ সামগ্রিক বিষয়গুলো এসপিকে জানানো হয়েছে। তাঁর আশ্বাসের পরিপ্রেক্ষিতে শনিবার থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।’

শনিবার হত্যাকাণ্ডের পর থেকেই বন্ধ ছিল ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম।

পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরেছেন। বিশেষ করে ক্লাস চলাকালে নিরাপত্তার বিষয়টি নিয়ে তাঁরা শঙ্কা প্রকাশ করেন। তাঁদের জানানো হয়, ক্লাস চলাকালে এলাকাটিতে সার্বক্ষণিক পুলিশের টহল টিম থাকবে। তিনি বলেন, এ ছাড়া কেউ আইনশৃঙ্খলাবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকলে তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
নিহত শিক্ষক উৎপল কুমার সরকার
ছবি: সংগৃহীত

গত শনিবার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে একই শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র আশরাফুল ইসলাম ওরফে জিতু ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে অতর্কিতভাবে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর হামলা চালায়। প্রথমে ওই ছাত্র উৎপল কুমারের মাথায় আঘাত করেন এবং পরে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ ছাড়া স্টাম্পের সুচালো অংশ দিয়ে পেটের বিভিন্ন অংশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় শিক্ষক উৎপল কুমার সরকারকে প্রথমে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার ঘটনার পর থেকেই বন্ধ ছিল ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম।

আরও পড়ুন

এ ঘটনায় নিহতের বড় ভাই অসীম কুমার সরকারের দায়েরকৃত মামলায় গত বুধবার গাজীপুরের শ্রীপুর থেকে আশরাফুলকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন বৃহস্পতিবার তাঁকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। আশুলিয়া থানা-পুলিশ পরে আদালতের মাধ্যমে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে জিতুর বাবা উজ্জ্বল হাজিকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে আশুলিয়া থানা-পুলিশ।

আরও পড়ুন
আরও পড়ুন