রাজশাহীতে ওয়াসার পানির দাম তিন গুণ বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরের আলুপট্টি মোড় এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে সমাবেশ হয়।
মহানগর ওয়ার্কার্স পার্টির আয়োজনে এই সমাবেশে সাধারণ নারী-পুরুষও অংশ নেন। মিছিল চলাকালে আন্দোলনকারীরা বলতে থাকেন, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, ওয়াসা ভবন ঘেরাও হবে’; ‘পানির উচ্চমূল্য প্রত্যাহার চাই’; ‘তেল, গ্যাস, বিদ্যুতের দাম কমাও’ প্রভৃতি।
সমাবেশে দলটির মহানগরের সম্পাদকমণ্ডলীর সদস্য নাজমুল করিম সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য এন্তাজুল হক, মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মনিরুদ্দীন, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক, ছাত্র মৈত্রীর সভাপতি অহিদুর রহমান প্রমুখ।
দেবাশীষ প্রামাণিক বলেন, রাজশাহীর মানুষের আর্থসামাজিক অবস্থা ভালো না। মানুষের আয়-রোজগারের পথ কম। সারা দেশের সঙ্গে তাই এখানকার তুলনা চলে না। আর গত এক যুগে রাজশাহী ওয়াসার সেবার মান বাড়েনি। তাদের পাইপগুলো কোনো দিন পরিষ্কার করেনি। এই পানি পান করে শত শত মানুষ হাসপাতালে ভর্তি হয়। ওয়াসার কোনো কর্মকর্তাই নিজেদের পানি পান করেন না। কারণ, তাঁরাও জানেন তাঁদের সরবরাহ করা পানি পানের অযোগ্য। ওয়াসা তাদের সিদ্ধান্ত থেকে না সরে এলে ও পানির দাম আগের অবস্থায় না আনলে ওয়াসা ভবন ঘেরাও করা হবে।
এর আগে ওয়াসাকে তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে গত ৭ ফেব্রুয়ারি মানববন্ধন ও সমাবেশ করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিশোধ। ৯ ফেব্রুয়ারি একই দাবিতে মানববন্ধন করে ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর শাখা। এর পর থেকে এই রাজনৈতিক দলটি নগরজুড়ে পানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জনমত গঠনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে। ১৭ ফেব্রুয়ারি তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর দেয়। ২৭ ফেব্রুয়ারি এই ইস্যুতে সংবাদ সম্মেলন করেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাংসদ ফজলে হোসেন বাদশা। এই ইস্যুতে ১৯ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর বিএনপিও মানববন্ধন করে।
রাজশাহী ওয়াসা সূত্রে জানা গেছে, নগরে ৮০ শতাংশের বেশি মানুষকে পানি সরবরাহ করা হয়। বর্তমানে প্রতি এক হাজার লিটার পানি উত্তোলন, পরিশোধন ও সরবরাহে ওয়াসার খরচ হয় ৮ টাকা ৯০ পয়সা। এত দিন আবাসিক সংযোগে প্রতি এক হাজার লিটার পানির দাম ধরা হতো ২ টাকা ২৭ পয়সা, দাম বাড়িয়ে তা করা হয়েছে ৬ টাকা ৮১ পয়সা। বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে একই পরিমাণ পানির মূল্য ধরা হয়েছে ১৩ টাকা ৬২ পয়সা। বাণিজ্যিকে পানির দাম আগে ছিল ৪ টাকা ৫৪ পয়সা। গত ১ জানুয়ারি রাজশাহী ওয়াসা পানির এই বাড়তি মূল্য ঘোষণা করে। আবাসিক ও বাণিজ্যিকে পানির এই দাম ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।