পুলিশের বিরুদ্ধে শিক্ষার্থীকে নির্যাতন ও বয়স বাড়িয়ে কারাগারে পাঠানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলন করে সানির পরিবার জেলা গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। আজ দুপুরে শহরের কলেজ রোড এলাকায়
ছবি: প্রথম আলো

মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে এক এসএসসি পরীক্ষার্থীকে তিন দিন আটকে রেখে নির্যাতনের পরে তাকে হত্যা মামলার আসামি বানানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই পরীক্ষার্থীর বয়স ১৬ থেকে বাড়িয়ে ১৯ বছর দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে। আজ শুক্রবার দুপুরে শহরের কলেজ রোড এলাকায় সংবাদ সম্মেলন করে ওই পরীক্ষার্থীর পরিবার এসব দাবি করেন।

ওই পরীক্ষার্থীর নাম সানি ব্যাপারী (১৬)। সে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা এলাকার কুদ্দুস ব্যাপারীর ছেলে এবং কালিনগর ফাসিয়াতলা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা আছে।

সংবাদ সম্মেলনে সানির পরিবার দাবি করে, গত ৭ ফেব্রুয়ারি কৃষক লীগ নেতা মানিক সরদার খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী সীমা খানম বাদী হয়ে কালকিনি থানায় ১৭ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় সানিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সানির পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরে ১৪ মার্চ রাতে সানিকে সঙ্গে নিয়ে তাঁর পরিবারের লোকজন মাদারীপুর জেলার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান। জিজ্ঞাসাবাদ শেষে পরদিন সকালে সানিকে পরিবারের কাছে হস্তান্তরের কথা ছিল। পুলিশ সেটা না করে ১৬ মার্চ সানিকে মাদারীপুর পৌর এলাকা থেকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠায়। পরে আদালত সানিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে সানির ভাবি ইশরাত জাহান বলেন, সানি কোনো এজাহারভুক্ত আসামি নয়। তবু এলাকায় একটি হত্যা মামলায় সানিকে আসামি সাজিয়ে কারাগারে পাঠানো হলো। প্রথম ডিবি পুলিশ সানিকে গ্রেপ্তার করেনি। তারা ফোন করে সানিকে নিয়ে ডিবি অফিসে হাজির হতে বলে। পুলিশের কথামতো সানিকে নিয়ে ডিবির কার্যালয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরে ডিবি সানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রেখে নির্যাতন চালায়। সানিকে নিয়ে আসার জন্য গেলে পুলিশ নানা টালবাহানা শুরু করে। একপর্যায়ে পুলিশ জানায়, সানিকে আদালতে চালান করা হয়েছে।

সানির দুলাভাই মহসিন কাজী বলেন, সানিকে আটকে রেখে নির্যাতনের পর বয়স বাড়িয়ে ১৯ বছর দেখিয়ে মামলার তদন্ত কর্মকর্তা হিমেল রানাসহ অন্য ডিবি সদস্যরা সানিকে আদালতে পাঠিয়েছেন বলে তিনি দাবি করেন। সানি এবার এসএসসি পরীক্ষা দেবে। এসএসসির রেজিস্ট্রেশনে সানির জন্মতারিখ ০১–০৭–২০০৬ ইংরেজি। জন্মনিবন্ধনেও একই জন্মতারিখ দেওয়া। তবু পুলিশ সানির বয়স তিন বছর বাড়িয়ে কারাগারে পাঠিয়েছে। বয়স না বাড়ালে সানিকে কিশোর সংশোধনাগারে রাখা যেত। অথচ কিশোর হওয়ার পরও সানিকে কারাগারে থাকতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে সানির পরিবার অবিলম্বে সানির মুক্তি এবং এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিচার দাবি করেন।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক হিমেল রানা বলেন, মানিক সরদার হত্যা মামলায় সানিকে জিজ্ঞাসাবাদ করা হয়। মানিক সরদার হত্যার ঘটনায় সানির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়ার পর কারাগারে পাঠানো হয়েছে।

বয়স বাড়ানোর বিষয় জানতে চাইলে হিমেল রানা বলেন, ‘সানির বয়স ১৯ বছর। এসএসসি পরীক্ষা দিলেই কি তার বয়স বাড়তে পারে না? তাকে দেখলেই বোঝা যাবে তার বয়স কত।’

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আল-মামুন প্রথম আলোকে বলেন, ‘হত্যা মামলার সঙ্গে সানি জড়িত। তাই সানির পরিবার নিজেদের দায় এড়াতে অনেক কথাই বলতে পারে। পুলিশের জিজ্ঞাসাবাদে সানি বলেছে, তার বয়স ১৯ থেকে ২০ বছর। আমরা তো আর তার সনদ বা জন্মনিবন্ধন দেখিনি। তবে পুলিশের বিরুদ্ধে আসামি নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

আরও পড়ুন