ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে ঘুরতে গিয়ে স্থানীয় তরুণীর শ্লীলতাহানির শিকার হওয়ার ঘটনায় প্রধান আসামি রাহিম মিয়ার (২৩) চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বিকেলে তাঁর চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে জানান, রাহিমকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনায় আর কারা কারা জড়িত ছিলেন, সব জানা যাবে।
গতকাল সোমবার দুপুরে রাহিম ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাহিমের বাড়ি জেলা শহরের ছয়বাড়িয়া এলাকায়। রাহিমের ফেসবুক অ্যাকাউন্ট সূত্রে জানা যায়, তিনি ‘লক্ষ্য মোদের মানবসেবা’ ফেসবুক পেজের সাবেক অ্যাডমিন।
এ ঘটনায় এর আগে গত ২৭ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকা থেকে প্রথম জুনায়েদ হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সদর থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জুনায়েদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শ্লীলতাহানির শিকার তরুণী (১৮) এ বছরের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, পৌর শহরের পুনিয়াউটের কাশবনে গত ডিসেম্বর-জানুয়ারির শীতের কোনো এক সন্ধ্যার ঘটনা এটি। ঘটনাটি সবার সামনে আসে ২৩ সেপ্টেম্বর। ওই দিন দুপুরে ওই ঘটনার ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি ফেসবুক পেজ থেকে ওই তরুণীর চেহারা ঝাপসা করে ভিডিওটি পোস্ট করা হয়। এরপর কয়েকজন গণমাধ্যমকর্মী বিষয়টি সদর থানা-পুলিশের নজরে আনেন। পরে পুলিশ ঘটনার হোতাদের শনাক্ত করতে সক্ষম হয়।
এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাদী হয়ে গত ২৮ সেপ্টেম্বর পাঁচজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ১ নম্বর আসামি রাহিম ও ২ নম্বর আসামি জুনায়েদ ছাড়া বাকি আসামিরা হলেন শাকিল (২৩), মাইনুদ্দিন (২৩) ও রুবেল (২৪)। তাঁরা সবাই পরস্পর বন্ধু।