ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আশুলিয়া থানা থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়।
এর আগে আজ দুপুরে তাকে আশুলিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। গতকাল বুধবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর থেকে অভিযুক্ত ওই ছাত্রকে আটক করে র্যাব।
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক এমদাদুল হক প্রথম আলোকে বলেন, শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলার প্রধান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে দুপুরে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে ছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে একই শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির ওই ছাত্র স্টাম্প দিয়ে অতর্কিত শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর হামলা চালায়। প্রথমে ওই ছাত্র শিক্ষকের মাথায় আঘাত করে এবং পরে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ ছাড়া স্টাম্পের সুচালো অংশ দিয়ে পেটের বিভিন্ন অংশে আঘাত করে।
গুরুত্বর আহত অবস্থায় উৎপলকে প্রথমে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি মারা যান। উৎপল কুমার সরকার ওই প্রতিষ্ঠানের কলেজ শাখার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন।
এ ঘটনায় নিহত উৎপলের বড় ভাই অসীম কুমার সরকার মামলা করেন। বুধবার গাজীপুরের শ্রীপুর থেকে ওই ছাত্রকে আটক করে র্যাব। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে ওই ছাত্রের বাবাকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে আশুলিয়া থানা-পুলিশ।