খুলনার মশিয়ালীতে নির্বিচারে গুলি করে তিন গ্রামবাসীকে হত্যার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি শেখ মিল্টন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার বিকেলে খুলনা মহানগর ম্যাজিস্ট্রেট-৪ আতিকুস সামাদের আদালতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।
এর আগে সোমবার বিকেলে মামলার দুই নম্বর আসামি মিল্টনের বড় ভাই শেখ জাকারিয়া ও চার নম্বর আসামি তাঁদের চাচাতো ভাই রেজওয়ার শেখ ওরফে রাজু মহানগর ম্যাজিস্ট্রেট-১ আমিরুল ইসলামের আদালতে স্বীকারোক্তি দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর রাতে ঢাকার মিরপুরের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা (ডিবি) শাখার একটি দল। পরদিন তাঁদের খুলনায় নিয়ে এসে আদালতের কাছে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৫ অক্টোবর প্রথম দফা রিমান্ড শেষ হলে অস্ত্র মামলায় তাঁদের আরও পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। এ সময় আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৮ অক্টোবর তাঁদের ওই রিমান্ডের মেয়াদ শেষ হলে আবারও পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ডের শেষ দিন ছিল মঙ্গলবার।
মামলার তদন্ত কর্মকর্তা কেএমপির গোয়েন্দা শাখার পরিদর্শক মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, মামলার এজাহারভুক্ত ২০ আসামির মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এদের নয়জনই আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মশিয়ালী গ্রামটি খুলনার ফুলতলা উপজেলার আটরা-গিলেতলা ইউনিয়নের মধ্যে পড়েছে। তবে সেটি কেএমপি’র খানজাহান আলী থানার আওতাধীন। গত ১৬ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মশিয়ালী গ্রামের পূর্ব পাড়ার সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি ছোড়েন ওই এলাকার প্রভাবশালী ও আওয়ামী লীগ নেতা শেখ জাকারিয়া, তাঁর মেজ ভাই শেখ মিল্টন ও ছোট ভাই শেখ জাফরিন হাসান। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন আরও অন্তত ১০ জন।