প্রবাসীর মা, স্ত্রীসহ তিনজনের লাশ উদ্ধারের ঘটনায় মামলা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একই বাড়ি থেকে প্রবাসীর মা, স্ত্রীসহ তিনজনের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। ওই প্রবাসীর ভাইয়ের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে গতকাল শনিবার রাতে মামলাটি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হক বলেন, মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, পরকীয়া প্রেমের সূত্র ধরে ওই তিনজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আজ রোববার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তিনজনের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বিকেলে তাঁদের লাশ দাফন করা হয়।
গতকাল সকালে ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নের কাশতলা গ্রামের বাড়ি থেকে সৌদিপ্রবাসী জয়েন উদ্দিনের স্ত্রী সুমি আক্তার (২৬), জয়েন উদ্দিনের মা জমেলা বেগম (৬৫) ও কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের শাহ জালাল ইসলাম ওরফে সোহাগের (৩০) লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় জয়েন উদ্দিনের ছেলে সাফিকে (৩) সেখানে পাওয়া যায়। বর্তমানে সাফি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।