প্ররোচনায় অভিযুক্তের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্তের ফাঁসি ও তাঁর সহযোগিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের সামনে
ছবি: প্রথম আলো

জামালপুরের মেলান্দহে স্কুলছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামি তামিম আহম্মেদের ফাঁসি ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চলছে। কয়েক দিনের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তাঁরা বলেন, এই আত্মহত্যার পেছনে জড়িত তামিমের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আরও পড়ুন

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, ব্র্যাক ময়মনসিংহ জোনের ব্যবস্থাপক আকরামুল ইসলাম, মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি মো. ইব্রাহিম ও পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক নাজমুল মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ আল রহমান, সমাজসেবক আবদুল হালিম ও পৌরসভার সাবেক কাউন্সিল আমজাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ওই ছাত্রীকে আত্মহত্যা করতে তামিম ও তাঁর সহযোগীরা বাধ্য করেছেন। এই অসহায় পরিবারের পাশে উপজেলার সর্বস্তরের মানুষ রয়েছে। ইতিমধ্যে বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু ওই বখাটেকে যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের এখনো আইনের আওতায় আনা হয়নি। তাঁদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। ওই ছাত্রীর সঙ্গে আর কী কী হয়েছে, সেটা তাঁর সহযোগীরাই বলতে পারবেন।

আরও পড়ুন

বক্তারা আরও বলেন, এভাবে একটি মেধাবী ছাত্রীকে অকালে প্রাণ দিতে হলো। এর বিচার দ্রুত সময়ের মধ্যে হতে হবে। সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। পুরো উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন তামিম। সে একটি প্রভাবশালী পরিবারের সন্তান। ফলে অনেকেই তাঁর এসব অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পাননি। তবে এবার উপজেলার সর্বস্তরের মানুষ জেগে উঠেছে। ফলে সহযোগীদের গ্রেপ্তার ও তামিমের ফাঁসি না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

গত বৃহস্পতিবার রাতে দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তখন ওই ছাত্রীর মুঠোফোন ও চিঠি উদ্ধার করা হয়। চিঠিতে ওই ছাত্রী তামিমের নাম উল্লেখ করে যান। চিঠিতে সে লিখে যায়, তামিম তার সঙ্গে খারাপ কিছু করেছেন এবং তার মৃত্যুর জন্য তামিমের বিচার করার কথা বলে গেছে মেয়েটি।

ঘটনার পরের দিন মেলান্দহ থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন ওই ছাত্রীর বাবা। এই মামলায় গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ময়মনসিংহের সদর উপজেলার একটি গ্রাম থেকে তামিমকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জামালপুর মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গভীরভাবে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে যাঁকে প্রয়োজন হবে, তাঁকেই জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে এই ঘটনার সঙ্গে আরও কারোর নাম এলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে। সব বিষয় ধরেই তদন্ত চলছে।