স্কুলছাত্রীর ‘আত্মহত্যার’ ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন
জামালপুরের মেলান্দহ উপজেলায় খারাপ কিছু হওয়ার কথা জানিয়ে স্কুলছাত্রীর লিখে যাওয়া চিঠি অনুযায়ী অভিযুক্ত যুবকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টায় উপজেলার মালঞ্চ-হাজরাবাড়ী সড়কের বালুআটা এলাকায় এম এ রশিদ উচ্চবিদ্যালয়ের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পাশের এলাকার একটি বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত মেয়েটি। তার অকালমৃত্যুতে এ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও শোকাহত। উপজেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শোকে স্তব্ধ। এ ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা কমবে না। এ ঘটনায় প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা আতঙ্কের মধ্যে আছেন। ওই বখাটেদের জন্য ওই ছাত্রীর মতো আরও বহু মেয়ের প্রাণ যাচ্ছে। ওই সব নরপশুর জন্য ছাত্রীসহ নারীরা বাইরে বের হওয়ার সাহস পান না। বখাটেদের কাজই সহজ–সরল মেয়েদের উত্ত্যক্ত করা।
বক্তারা আরও বলেন, র্যাব ওই ঘটনায় বখাটে যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর নানা অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী। প্রতারণা করে ওই বখাটে দুটি বিয়ে করেছিলেন। তাঁর উপজেলায় তাঁর পরিবার প্রভাবশালী হিসেবে পরিচিত। ফলে তাঁর ত্রাসের রাজত্বে কেউ প্রতিবাদ করেননি। এ ঘটনার মধ্য দিয়ে শিক্ষার্থী–শিক্ষক সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। ওই নরপশুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তাঁর কারণে যেভাবে ওই ছাত্রী ‘আত্মহত্যায়’ বাধ্য হয়েছিল, একইভাবে দ্রুত সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝোলাতে হবে। ফাঁসি না হওয়া পর্যন্ত প্রতিটি বিদ্যালয় ও এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার যুবকের নাম মো. তামিম আহম্মেদ (২৫)। তিনি মেলান্দহ উপজেলার বাসিন্দা। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ময়মনসিংহ সদর উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার দুপুরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন।
গত বৃহস্পতিবার রাতে দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তখন ওই ছাত্রীর মুঠোফোন ও চিঠি উদ্ধার করা হয়। চিঠিতে ওই ছাত্রী তামিম আহম্মেদের নাম উল্লেখ করেছে। সে চিঠিতে লিখেছে, তামিম তার সঙ্গে খারাপ কিছু করেছেন এবং তার মৃত্যুর জন্য তামিমের বিচার করার কথা বলেছে সে।