ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আটজনের মৃত্যু
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন। এই সময়ে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৮১২। আজ রোববার সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৫ জন করোনায় এবং ৩ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁরা করোনা ডেডিকেটেড ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনায় ফরিদপুরের ৩ জন এবং মাদারীপুর ও গোপালগঞ্জে ১ জন করে মারা গেছেন। তাঁরা হলেন ফরিদপুর শহরের টেপাখোলা মহল্লার সোনা বানু (৬৫), সদরের ফারজানা রাখি (৪৫) এবং চরভদ্রাসনে হাসিনা (৭০), মাদারীপুর সদরের চিত্রা দেবনাথ (৩০) এবং গোপালগঞ্জের কাশিয়ানীর দুলু চৌধুরী (৬৫)।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর ল্যাবের মাধ্যমে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের এবং র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ২৫ শতাংশ।
আরটি–পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হওয়া ৪০ জনের মধ্যে ভাঙ্গায় ৪, বোয়ালমারীতে ১, নগরকান্দায় ৩, মধুখালীতে ১, সদরপুরে ৪, সালথায় ১ এবং ফরিদপুর সদরে ২৬ জন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে পিসিআর ল্যাবের মাধ্যমে এ পর্যন্ত ১৯ হাজার ৮১২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এখানে র্যাপিড অ্যান্টিজেনে শনাক্ত রোগীদের সংখ্যা যুক্ত করা হয়নি।
এ বিষয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছেন ২২৯ জন। এর মধ্যে করোনা রোগী ১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হয়েছেন ৪২ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৬৯ জন।