ফেনীতে মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১
ফেনীতে মন্দিরে হামলা, ভাঙচুর ও এক পুরোহিতকে মারধরের ঘটনায় করা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফেনী শহরের উকিলপাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার তরুণের নাম মাহিনুল করিম ভূঞা (১৮)। তাঁর বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া গ্রামে। তিনি ফেনীর একটি সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন বলেন, গ্রেপ্তার মাহিনুলকে আজ মঙ্গলবার ফেনীর আদালতে পাঠিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।
১৫ অক্টোবর রাতে ফেনী শহরের কালীপাল গাজীগঞ্জ মহাপ্রভুর আশ্রম, ট্রাংক রোড ও বড় বাজারের দুটি কালীমন্দিরে হামলা এবং শহরের তাকিয়া রোডে হিন্দুদের দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় ফেনী সদর মডেল থানায় চারটি পৃথক মামলা করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে। গতকাল সোমবার গ্রেপ্তার পাঁচজনকে দুদিন করে এবং একজনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।