বগুড়ার ‘আলোচিত’ সাংসদ রেজাউল দুদকে গিয়ে সম্পদের তথ্য দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পদ বিবরণী জমা দিতে দুদকের বগুড়া কার্যালয়ে যান সাংসদ রেজাউল করিম।
ছবি: প্রথম আলো

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের আলোচিত সাংসদ রেজাউল করিম বাবলু দুর্নীতি দমন কমিশনে (দুদক) তাঁর সম্পদের যাবতীয় নথিপত্র জমা দিয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দুদক বগুড়া সমন্বিত আঞ্চলিক কার্যালয়ে হাজির হয়ে তিনি নিজের সম্পদের তথ্য দেন। তিনি ১৫ মিনিটের মতো কার্যালয়ে ছিলেন বলে দুদক সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেন।

সাংসদ রেজাউলের বিরুদ্ধে বগুড়ায় নির্মাণাধীন বাড়ি, ঢাকায় ফ্ল্যাট, ব্যক্তিগত তিনটি গাড়ি কেনার তথ্য আছে।
আমিনুল ইসলাম, দুদকের সহকারী পরিচালক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় সাংসদ রেজাউলকে দুদক কার্যালয়ে হাজির হয়ে সম্পদের নথি ও ব্যাখ্যা দিতে নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ পেয়ে ১৪ মার্চ দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ে হাজির হয়ে সম্পদের আংশিক নথি জমা দেন সাংসদ। সম্পদের পূর্ণাঙ্গ তথ্য দাখিল করতে তিনি আরও সময় চেয়েছিলেন। পরে ২৫ মার্চ পূর্ণাঙ্গ তথ্য দাখিল করতে সময় বেঁধে দেওয়া হয়। অসুস্থতার কথা বলে তিনি আর দুদকে যাননি। অবশেষে আজ দুদকে তিনি সম্পদের তথ্য দাখিল করেন।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ রেজাউল হলফনামায় যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, তার চেয়ে অনেক বেশি সম্পদ অর্জনের অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। তাঁর বগুড়ায় নির্মাণাধীন বাড়ি, ঢাকায় ফ্ল্যাট, ব্যক্তিগত তিনটি গাড়ি কেনার তথ্য আছে। এর মধ্যে বিপুল টাকায় শুল্কমুক্ত একটি বিলাসবহুল পাজেরো আছে তাঁর।

রেজাউল করিম হলফনামায় পেশা সাংবাদিকতা উল্লেখ করেন। বার্ষিক আয় পাঁচ হাজার টাকা, জামাতাদের কাছ থেকে ধারদেনা ও দানের টাকায় নির্বাচনী ব্যয় মেটানোর কথা উল্লেখ করেছিলেন তিনি।

সাংসদ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, সম্পদের তথ্য চেয়ে নোটিশ পাঠানোর এক সপ্তাহের মধ্যেই দুদক কার্যালয়ে গিয়ে তিনি কিছু নথি দাখিল করেছিলেন। অবশিষ্ট নথির জন্য এক মাস সময় চেয়েছিলেন। পরে তিনি করোনায় আক্রান্ত হন। এ ছাড়া লকডাউনের কারণে কাগজপত্র প্রস্তুত করতে তাঁর সময় লেগে যায়। তিনি দাবি করেন, ‘আমার অবৈধ কোনো সম্পদ নেই। একটি শুল্কমুক্ত ল্যান্ডক্রুজার পাজেরো ও একটি নোহা মাইক্রোবাস আছে। ঢাকায় কোনো ফ্ল্যাট নেই।’

বগুড়া-৭ আসনটি ‘জিয়া পরিবারের আসন’ হিসেবে পরিচিত। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলী ও পাশের উপজেলা শাজাহানপুর নিয়ে এই আসন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পান গাবতলী বিএনপির নেতা ও উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিলটন। কিন্তু তাঁর পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় মনোনয়নপত্র বাতিল হলে বিএনপি আর নির্বাচনে থাকতে পারেনি। বিএনপি তখন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমকে সমর্থন দেয়।

আমার অবৈধ কোনো সম্পদ নেই। একটি শুল্কমুক্ত ল্যান্ডক্রুজার পাজেরো ও একটি নোহা মাইক্রোবাস আছে। ঢাকায় কোনো ফ্ল্যাট নেই।
সাংসদ রেজাউল করিম

রেজাউল করিম হলফনামায় পেশা সাংবাদিকতা উল্লেখ করেন। তবে সাংবাদিকতা থেকে তিনি কত টাকা আয় করেন, সে বিষয়ে কোনো তথ্য এবং আয়কর বিবরণীও ছিল না। বার্ষিক আয় পাঁচ হাজার টাকা, জামাতাদের কাছ থেকে ধারদেনা ও দানের টাকায় নির্বাচনী ব্যয় মেটানোর কথা উল্লেখ করেছিলেন তিনি। নিজের কাছে নগদ ৩০ হাজার টাকা এবং ব্যাংকে ৩০ হাজার টাকা জমা ছিল তাঁর। বাহন বলতে ছিল ৫০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল।

আরও পড়ুন

গত বছরের অক্টোবরে পিস্তল হাতে হাসিমুখে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংসদ রেজাউলকে নিয়ে আলোচনা–সমালোচনা হয়। ধর্ষণ বিষয়ে তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি ধর্ষণ বাড়ার জন্য নারীবাদীদের দোষারোপ করে সমালোচিত হন।

আরও পড়ুন