বগুড়ায় ব্যবসায়ী রাজ্জাক হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঈদের রাতে বগুড়া শহরের ব্যবসায়ী যুক্তরাষ্ট্রপ্রবাসী আবদুর রাজ্জাক সরকারকে (৬৫) কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে সদর উপজেলার মহিষবাথান গ্রামে অভিযান চালিয়ে মুনছুর হোসেন (২৫) নামের ওই আসামিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

মুনছুর হোসেন মহিষবাথান সরকারপাড়ার বাসিন্দা। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও যুবলীগের সাবেক নেতা ওমর খৈয়াম সরকার ওরফে রূপমের সহযোগী। সোমবার রাতে ওমর খৈয়ামের গরুর খামার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. সাইহান ওলিউল্লাহ বলেন, মুনছুর রহমানকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে আদালত এখনো রিমান্ড শুনানি করেননি।

আরও পড়ুন

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় মহিষবাথান বাজারে পরিচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন আবদুর রাজ্জাক সরকার। এ সময় চাঁদা দাবি করে না পেয়ে আবদুর রাজ্জাক সরকারের ওপর দলবল নিয়ে হামলা করেন যুবলীগের সাবেক নেতা ওমর খৈয়াম সরকার। আত্মরক্ষার জন্য আবদুর রাজ্জাক নিজের লাইসেন্স করা অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। তখন হামলাকারীরা সরে যান। পরে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে দ্বিতীয় দফায় তাঁর ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা পালিয়ে যান।

রাতে আগ্নেয়াস্ত্রসহ থানায় হাজির হলে পুলিশ ওমর খৈয়াম, সীমান্ত (২০), লিমন শেখ (২২), হিফযুল হক ওরফে জনিকে (২৬) গ্রেপ্তার করে। এ ঘটনায় আবদুর রাজ্জাকের ভাই আবদুল হাই সরকার বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।

মামলার প্রধান আসামি ওমর খৈয়াম সরকার সদর উপজেলা যুবলীগের সাবেক সদস্য। তাঁর বিরুদ্ধে বগুড়া শহর ছাত্রলীগের সভাপতি জুয়েল হত্যা ছাড়াও অস্ত্র, চাঁদাবাজিসহ নানা অভিযোগে কমপক্ষে ১৫টি মামলা রয়েছে।