বঙ্গোপসাগরে নৌযানডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের তিন দিনেও সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজান আলী ও সাজ্জাদ হোসেন
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বালুবাহী দুটি নৌযানডুবির ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও নিখোঁজ দুই শ্রমিকের কোনো সন্ধান মেলেনি। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত নিখোঁজ দুই শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁদের সন্ধানে বঙ্গোপসাগরে নৌবাহিনী ও কোস্টগার্ডের তৎপরতার পাশাপাশি আজ সকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

গত বুধবার সন্ধ্যা সাতটায় কক্সবাজারের মহেশখালীর ধলঘাট ইউনিয়নের দক্ষিণে হাঁসেরচর–সংলগ্ন এলাকায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌযান দুটি ডুবে যায়। পরে নৌযানগুলোয় থাকা পাঁচ শ্রমিকের মধ্যে তিনজন সাঁতারে টাগবোটে উঠলেও দুজন নিখোঁজ হন।

আরও পড়ুন

নিখোঁজ শ্রমিকেরা হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হারেশা এলাকার মো. রমজান আলী (৫৩) ও মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (২৩)। তাঁরা দুজনই মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পের সাব–ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানির শ্রমিক। এ ঘটনার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় দ্য বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানির পক্ষ থেকে মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এদিকে গতকাল শুক্রবার রাত ১০টায় নিখোঁজ শ্রমিক সাজ্জাদ হোসেনের দ্রুত সন্ধান চেয়ে তাঁর পরিবারের পক্ষ সংবাদ সম্মেলন করা হয়েছে। মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে সাজ্জাদ হোসেনের পরিবারের পক্ষে কথা বলেন কক্সবাজার জেলা পরিষদের নারী সদস্য মশরফা জন্নাত।

মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবু হায়দার প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের চেষ্টায় আজ সকাল থেকে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে বঙ্গোপসাগরে ডুবুরি দল নামানো হয়েছে। আশা করছি, বালুবাহী নৌযানের সন্ধান পেয়ে গেলে নিখোঁজ শ্রমিকেরও খোঁজ পাওয়া যাবে।’ তবে নিখোঁজ শ্রমিকের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।

মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিতমো করপোরেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা মোহাম্মদ হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, তাপবিদ্যুৎ প্রকল্পে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান পসকোর সাব–ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানি বালু ভরাটের কাজ করে আসছে। গত বুধবার বিকেলে প্রকল্পে বালু আনলোডিং শেষে পাঁচ শ্রমিক নৌযান দুটি নিয়ে প্রকল্পের পশ্চিম পাশের চ্যানেল হয়ে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর হয়ে কুহেলিয়া নদীতে যাচ্ছিলেন। সন্ধ্যা সাতটার দিকে হাঁসেরচর–সংলগ্ন এলাকায় পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌযান দুটি ডুবে যায়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হাই বলেন, নিখোঁজ দুই শ্রমিকের উদ্ধার অভিযানে পুলিশ তদারক করছে। দুই শ্রমিককে উদ্ধারের জন্য নৌবাহিনী, কোস্টগার্ড ও ডুবুরি দল যৌথভাবে কাজ করছে।