বাঞ্ছারামপুরে ফসলি জমি থেকে বালু উত্তোলন বন্ধ করল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বালিয়াদহ বিলের ফসলি জমি থেকে বালু তোলা বন্ধ হয়েছে
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়া বালিয়াদহ বিলের ফসলি জমি থেকে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. শাহগীর আলমের নির্দেশে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন খননযন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ করেন।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম নিজেই।

আজ প্রথম আলোতে ‘ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ফসলি জমি থেকে বালু তুলে খাসজমি ভরাট’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

এর আগে ভূমিহীন পরিবারগুলো অভিযোগ করে, তাদের জমি থেকে তোলা বালু দিয়ে আরেকটি খাসজমি ভরাট করা হচ্ছে। বালু উত্তোলন বন্ধে পরিবারগুলোর পক্ষ থেকে দরিকান্দি ভূমিহীন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মামুন মিয়া ২৪ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন। এরপরও বালু উত্তোলন বন্ধ হয়নি।

আরও পড়ুন

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ, কাজিরচর ও সাতদৌনা মৌজার ২৩৮ একর জায়গা কবুলিয়ত দলিলের মাধ্যমে ১৭২ জন ভূমিহীনের মধ্যে হস্তান্তর করা হয়। এসব জমিতে তাঁরা আবাদ করে সংসার চালান। দুই সপ্তাহ ধরে উপজেলার রূপসদী গ্রামের নবী মিয়ার নেতৃত্বে স্থানীয় কয়েকজন বলিয়াদহ বিল থেকে বালু উত্তোলন করছিলেন। বাধা দিয়েও কাজ হয়নি।

বালু উত্তোলনের দায়িত্বে থাকা নবী মিয়া আজ প্রথম আলোকে বলেন, রূপসদী ভূমি কার্যালয়ের নায়েব এসে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

রূপসদী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ইউএনওর নির্দেশে ইতিমধ্যে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। আজ দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন বন্ধ করা হয়। আপাতত সেখান থেকে আর বালু উত্তোলন করা হবে না।