বান্দরবানে গুলিতে নিহত ইউপিডিএফ কর্মীর লাশ হাসপাতাল মর্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

বান্দরবান সদর উপজেলার টংকাবতিতে গুলিতে নিহত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) কর্মী জলন্ত তঞ্চঙ্গ্যার (২৮) লাশ গতকাল মঙ্গলবার রাতে উদ্ধার করেছে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজ বুধবার সকালে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন চৌধুরী বলেন, জলন্ত তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে গুলির খোসা পাওয়া গেছে। জলন্ত তঞ্চঙ্গ্যা ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের সদস্য হিসেবে পরিচয় পাওয়া গেলেও তাঁকে কে বা কারা হত্যা করেছে, এখনো জানা যায়নি।

ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের নেতারা জানিয়েছেন, জলন্ত তঞ্চঙ্গ্যা ও তাঁর একজন সহকর্মী পাঁচ দিন আগে দুটি মোটরসাইকেল নিয়ে টংকাবতি বেড়াতে গিয়েছিলেন। তাঁরা গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বন বিভাগের রেঞ্জার অফিস থেকে টংকাবতি পুনর্বাসন চাকমাপাড়ায় মোটরসাইকেলে যাচ্ছিলেন। ব্রিকফিল্ড এলাকায় পৌঁছালে তাঁদের লক্ষ্য করে জনসংহতি সমিতির (জেএসএস) ক্যাডাররা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে জলন্ত তঞ্চঙ্গ্যা নিহত হন। আরেক মোটরসাইকেলে থাকা জলন্তের সহকর্মী পালিয়ে আত্মরক্ষা করেছেন। টংকাবতি ইউনিয়নের বন বিভাগের রেঞ্জার অফিস এলাকা জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে।

বান্দরবান জেলা শাখার ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের সভাপতি মংপু মারমা বলেন, জলন্ত তঞ্চঙ্গ্যা কয়েক মাস আগে জেএসএস থেকে ইউপিডিএফ-গণতান্ত্রিকে যোগদান করেছিলেন। এ জন্য তাঁর ওপর ক্ষোভ ছিল বেশি। তাঁর বাড়ি রাজবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টাংলুং তঞ্চঙ্গ্যাপাড়ায়। ইউপিডিএফ-গণতান্ত্রিক দলে যোগদানের পর তিনি স্ত্রী ও এক শিশুসন্তান নিয়ে বালাঘাটা এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনার জন্য জেএসএসকে দায়ী করা করেছে ইউপিডিএফ-গণতান্ত্রিক দল। তবে এ ব্যাপারে জেএসএসের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন