বাবার খুনিদের আড়াল করার অভিযোগ করলেন ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ইউপি সদস্য সুজিত সূত্রধরকে খুনের বিচার দাবিতে মানববন্ধন করেছে জেলা পূজা উদ্‌যাপন পরিষদ। শুক্রবার দুপুরে নরসিংদী শহরের হেমেন্দ্র সাহার মোড়ে
ছবি: প্রথম আলো

নরসিংদী সদর উপজেলার হাজীপুরে সুজিত সূত্রধর নামের সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার বিকেলে সুজিতের ছেলে সুজন সূত্রধর বাদী হয়ে থানায় মামলাটি করেন।

এর আগে আজ দুপুরে শহরের হেমেন্দ্র সাহার মোড়ে জেলা পূজা উদ্‌যাপন পরিষদ আয়োজিত মানববন্ধনে সুজন সূত্রধর অভিযোগ করেন, তাঁর বাবার প্রকৃত খুনিদের আড়াল করা হচ্ছে।

গত বুধবার রাতে হাজীপুর ইউনিয়নের বেঙ্গল এলাকার কাঠবাজারে সুজিত সূত্রধরকে (৫৫) কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা। তিনি হাজীপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলেন। হাজীপুরের বেঙ্গল এলাকার কাঠবাজারে কাঠ ও আসবাবের ব্যবসা করতেন সুজিত সূত্রধর।

মামলার আসামিরা হলেন হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ খান (৫৫), তাঁর ছোট ভাই মনিরুজ্জামান খান (৪৫), স্থানীয় ইউপি সদস্য বদর উদ্দিন সরকার (৬০), কাওসার মাহবুব (৩৫), ফেরদৌস সালাউদ্দিন (৩৫), তৌহিদ আকরাম (৩০), তানভীর সরকার (৩০), রাকিব সরকার (৩২), মামুন মোল্লা (৩৮), দেলোয়ার হোসেন (৩২), তারেক মিয়া (২৫), আকবর মিয়া (২৫), আজমল সরকার (৫০), মো. মাসুম (২৬), শিমুল মাহমুদ (২২) ও সোহাগ মিয়া (২৩)। এ ছাড়া মামলায় আরও ৪–৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আরও পড়ুন

মামলার এজাহারে বলা হয়েছে, মামলার প্রথম ছয় আসামির বিরুদ্ধে জমি ও অর্থ আত্মসাতের অভিযোগে একাধিক মামলা করেছিলেন সুজিত সূত্রধর। এ কারণে বিভিন্ন সময় তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন আসামিরা। গত বুধবার রাত ৮টার দিকে হাজীপুরের কাঠবাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সুজিত ও তাঁর ছেলে সুজন অবস্থান করছিলেন। ওই সময় প্রথম ৬ আসামির উপস্থিতিতে ও নির্দেশে বাকি আসামিরা এসে বাবা-ছেলেকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। পরে ৭ থেকে ১৬ নম্বর আসামি তাঁদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সুজিত সূত্রধরকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে পূজা উদ্‌যাপন পরিষদের মানববন্ধন ছাড়াও আজ দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে অপর একটি মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

হেমেন্দ্র সাহার মোড়ে করা মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও নরসিংদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল চন্দ্র ঘোষ। এতে বক্তব্য দেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাখন দাস প্রমুখ।

এদিকে একই সময়ে এ ঘটনায় নরসিংদী প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি ও সাংবাদিক নিবারণ রায়। এতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অহিভুষণ চক্রবর্তী, সংগঠনটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সরকার ও কোষাধ্যক্ষ রতন চক্রবর্তী প্রমুখ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। তাঁরা হলেন নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা গ্রামের মো. মাসুম (২৬), শিমুল মাহমুদ (২২) ও নবীপুর গ্রামের সোহাগ মিয়া (২৩)। তাঁরা হাজীপুরের ওই কাঠবাজার এলাকার বিভিন্ন আসবাব তৈরির দোকানের বার্নিশ–মিস্ত্রি হিসেবে কাজ করেন।

জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার প্রথম আলোকে বলেন, বাদীর দেওয়া কম্পিউটার টাইপ করা ও স্বাক্ষরিত লিখিত অভিযোগ মামলা হিসেবে নেওয়া হয়েছে। এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার বাদী ও নিহতের ছেলে সুজন সূত্রধর প্রথম আলোকে বলেন, ‘অবশেষে আমাদের দেওয়া লিখিত অভিযোগটি মামলা হিসেবে নিয়েছে পুলিশ। আমার বাবাকে যারা হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এর আগে হেমেন্দ্র সাহার মোড়ের মানববন্ধনে সুজন সূত্রধর তাঁর বাবার প্রকৃত খুনিদের আড়াল করা হচ্ছে অভিযোগ করে বলেন, ‘পুলিশ সংবাদ সম্মেলন করে বলেছে, তারা নাকি মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। আসলে পুলিশের এই তথ্য ঠিক নয়। গ্রেপ্তার ওই তিনজন ঘটনার সময় উপস্থিত ছিলেন, কিন্তু তাঁরা হত্যাকারী নন। আমার চোখের সামনে বাবাকে হত্যা করেছেন হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ খানের কর্মী তানভীর, দেলো, নয়ন, রাকিব, তারেক, মামুন, কানুসহ আরও কয়েকজন।’