সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যায় তাঁর (বাবুল) শ্বশুরের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে আদালতে। আজ মঙ্গলবার সন্ধ্যায় আদালতের প্রসিকিউশন শাখায় এটি জমা দেন মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা।
আদালত প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, সাক্ষীর জবানবন্দিসহ যাবতীয় তথ্য বাবুলের করা মামলায় যুক্ত করার জন্য আদালতে আবেদন হয়েছে। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী শ্বশুরের করা মামলায় গ্রেপ্তার আসামিদের অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। তবে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ ও আবেদনের শুনানির তারিখ নির্ধারণ হয়নি।
মাহমুদা খুনের ঘটনায় প্রথম মামলাটি করেন বাবুল, দ্বিতীয় মামলা করেন তাঁর শ্বশুর মোশাররফ হোসেন। দুটি মামলাই তদন্ত করে পিবিআই।
২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম। এ নিয়ে সে সময় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এ ঘটনায় বাবুল জঙ্গিরা জড়িত দাবি করে নগরের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। পরে হত্যায় বাবুল জড়িত বলে সন্দেহ তৈরি হলে মাহমুদার বাবা মোশাররফ হোসেন আরেকটি হত্যা মামলা করেন। মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়। পুলিশ এ মামলায় গত ১২ মে বাবুলকে গ্রেপ্তার দেখায়। পরে নিজের করা মামলায়ও চলতি মাসের ৯ তারিখ বাবুলকে গ্রেপ্তার দেখানো হয়।
তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। একই দিন বাবুলের শ্বশুর মোশাররফ বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। বাবুলের করা মামলায় পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর আদালতে নারাজি আবেদন করেন তাঁর (বাবুল) আইনজীবী। আবেদনে বলা হয়, বাবুলকে আসামি করতে বানোয়াট চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।
অথচ এ মামলায় পুলিশ ৫১ জনের বেশি সাক্ষীর জবানবন্দি নিয়েছে ১৬১ ধারায়। সেখানে একজনও বাবুলের সম্পৃক্ততার কথা বলেননি। দুই সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে বাবুলকে আসামি করা হয়েছে। কাদের বাঁচানোর জন্য এ চূড়ান্ত প্রতিবেদন, সেটা দেখতে হবে। বাবুল আক্তার মহলবিশেষের ষড়যন্ত্রের শিকার। এর আগে তিনি সোনা চোরাকারবারি ও কালোবাজারিদের ধরেছেন। জঙ্গিবাদ প্রতিরোধ করেছেন। গত বছরের ৩ নভেম্বর আদালত চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ না করে পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।