বিক্ষোভের মুখে ক্ষমা চাইলেন হাসপাতালের মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনামূল্যে দেওয়া রক্ত ৬ হাজার টাকায় বিক্রির ঘটনায় স্বেচ্ছাসেবী রক্তদাতাদের বিক্ষোভ। শুক্রবার গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তার নিউ পদ্মা হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে
ছবি: প্রথম আলো

স্বেচ্ছাসেবী রক্তদাতাদের বিক্ষোভের মুখে রক্ত বিক্রির জন্য অবশেষে ক্ষমা চাইলেল গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তার নিউ পদ্মা হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. শাহাবুদ্দিন। একই সঙ্গে স্বেচ্ছাসেবী রক্তদাতাকে মারধরের ঘটনাতেও তিনি ক্ষমা চেয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

নিউ পদ্মা হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. শাহাবুদ্দিন আজ শুক্রবার বেলা তিনটার দিকে বিক্ষোভকারীদের সামনে হাতমাইকে বলেন, ‘যা কিছু হইছে আমাদের ভুল হইছে। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহর কাছে মাফ চাই। আপনারা আমার ভাই। আমি এই এলাকায় বিজনেস করি। আপনারা আমাকে সহযোগিতা করবেন। এ ধরনের ঘটনা আর হবে না।’

আরও পড়ুন

বেলা সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে আসেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম। তিনি হাসপাতালের মালিককে এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করেন। হাসপাতালের মালিক রোগীর স্বামীর কাছ থেকে নেওয়া রক্তের মূল্য বাবদ ছয় হাজার টাকা ফেরত দেন। একই সঙ্গে ভবিষ্যতে ওই রোগীর সব ধরনের চিকিৎসা বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দেন।

হাসপাতালের মালিক রোগীর স্বামীর কাছ থেকে নেওয়া রক্তের মূল্য বাবদ ছয় হাজার টাকা ফেরত দেন। একই সঙ্গে ভবিষ্যতে ওই রোগীর সব ধরনের চিকিৎসা বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দেন।

ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিপ্লব চন্দ্র সরকার নামের এক স্বেচ্ছাসেবী রক্তদাতার দেওয়া রক্ত ছয় হাজার টাকায় বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় গাজীপুরসহ আশপাশের ৩০টি স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনের সদস্যরা আজ সকাল থেকে বিক্ষোভে নামেন। বিক্ষুব্ধ স্বেচ্ছাসেবীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে মাওনা বাজার সড়কে মিছিল করেন। একপর্যায়ে হাসপাতালের সামনে জড়ো হয়ে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে হাসপাতালটির লাইসেন্স বাতিল করার দাবি তোলেন তাঁরা। একপর্যায়ে হাসপাতালের মালিক মো. শাহাবুদ্দিন সেখানে এসে তর্কে জড়ান। একপর্যায়ে এক স্বেচ্ছাসেবী রক্তদাতাকে মারধর করেন।

স্বেচ্ছাসেবী সংগঠন সিএইচবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ প্রধান প্রথম আলোকে বলেন, ‘আমাদের বন্ধু রক্তদাতা সারফুল ইসলামকে মারধর করেন হাসপাতালের মালিক। পরে সব কটি ঘটনার জন্যই হাসপাতালের মালিক ক্ষমা চেয়েছেন। মানুষের সেবায় বিনা মূল্যে দেওয়া রক্ত বিক্রি করার বিষয়টি খুবই ন্যক্কারজনক।’ বরমী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ইসরাফিল আকাশ প্রথম আলোকে বলেন, ‘রক্ত বিক্রির বিষয়টি জানার পরেই আমরা সবাইকে নিয়ে আন্দোলনে নামি।’ তিনি বলেন, এ ধরনের ঘটনায় রক্তদাতারা নিরুৎসাহিত হতে পারে।

বিনামূল্যে দেওয়া রক্ত ৬ হাজার টাকায় বিক্রির ঘটনায় স্বেচ্ছাসেবী রক্তদাতাদের বিক্ষোভ। শুক্রবার গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তার নিউ পদ্মা হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে
প্রথম আলো

স্বেচ্ছাসেবীরা জানান, গত বুধবার মাওনা চৌরাস্তার নিউ পদ্মা হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে পিয়া (২২) নামের এক তরুণীর সিজারিয়ান অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের জন্য বি-নেগেটিভ রক্তের প্রয়োজনীয়তা দেখা দেয়। পিয়ার স্বামী জয় রক্ত জোগাড় করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষ রক্তের ব্যবস্থা করার জন্য প্রথমে সাত হাজার টাকা দাবি করে। পরে ছয় হাজার টাকায় রক্ত জোগাড় করে দিতে রাজি হয়। বিপ্লব চন্দ্র সরকার নামের একজন স্বেচ্ছায় রক্তদাতাকে ফোন দিয়ে ডেকে এনেছিলেন হাসপাতালের মালিক মো. শাহাবুদ্দিন। পরে তাঁর বিনা মূল্যে দেওয়া রক্ত রোগীর স্বজনদের কাছে ছয় হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।

রক্তদাতা বিপ্লব চন্দ্র সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিউ পদ্মা হাসপাতালের মালিক মো. শাহাবুদ্দিন দরিদ্র রোগীর জন্য এক ব্যাগ বি-নেগেটিভ রক্তের প্রয়োজন বলে তাঁকে ফোন দেন। এরপর গত বুধবার বেলা সোয়া তিনটার দিকে তিনি নিউ পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে এক ব্যাগ রক্ত দান করেন। এর বিনিময়ে তিনি কোনো অর্থ নেননি। এক মায়ের অস্ত্রোপচারের জন্য এ রক্ত তিনি দান করেছেন। কিন্তু রক্ত দেওয়ার পর তিনি রোগীর স্বামী বিজয়ের কাছ থেকে জানতে পারেন, তাঁর রক্ত ছয় হাজার টাকায় বিক্রি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিপ্লব বলেন, ‘রক্ত বিক্রির বিষয়টি শুনে দুঃখ পেয়েছি। মানবতার সেবায় বিনা মূল্যে দেওয়া ডোনারের রক্ত এভাবে বিক্রি হওয়া খুবই দুঃখজনক।’

হাতমাইকে ক্ষমা চাওয়ার আগে আজ দুপুর ১২টার দিকে হাসপাতালের মালিক মো. শাহাবুদ্দিন মুঠোফোনে প্রথম আলোর সর্বশেষ কথা হয়েছিল। তখন তিনি দাবি করেছিলেন, তিনি রক্ত বিক্রি করেননি। কিন্তু বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। তাই সর্বশেষ তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুরের ইউএনও তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ওই হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।