বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জে আবারও বাড়ছে সুরমার পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের বিভিন্ন এলাকার সড়কে এখনো বন্যার পানি রয়েছে। সোমবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুরে
ছবি: আনিস মাহমুদ

সুনামগঞ্জে গতকাল সোমবার থেকে বৃষ্টি হওয়ায় সুরমা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ১১ সেন্টিমিটার বেড়েছে। এ সময় জেলায় বৃষ্টি হয়েছে ৩৮ মিলিমিটার। তবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলছেন, পানি কিছুটা বাড়লেও আগের মতো পরিস্থিতি হবে না। আগামী ৪৮ ঘণ্টা থেমে থেমে হালকা বৃষ্টি হবে।

সুনামগঞ্জ পাউবো সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৯টায় সুরমা নদীর পানির উচ্চতা ছিল ৭ দশমিক ৫৫ সেন্টিমিটারে। এর আগের দিন সোমবার একই সময়ে পানির উচ্চতা ছিল ৭ দশমিক ৪৫ সেন্টিমিটারে। এই ২৪ ঘণ্টায় নদীর পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। পানি বাড়লেও সুরমা নদীর পানি এখনো বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচে আছে।

আরও পড়ুন

উজানে বৃষ্টি হওয়ায় সোমবার রাতে সুনামগঞ্জে পাহাড়ি ঢল নেমেছে। যে কারণে সুরমা নদীর পানি বাড়ছে। একইভাবে বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢল নামায় জেলার দোয়ারাবাজার উপজেলার চেলা ও খাসিয়ামারা নদীতে পানি বেড়েছে। এই দুই নদীর বেড়িবাঁধের ভাঙ অংশ দিয়ে পানি ঢুকছে বোগলা, বাংলাবাজার ও লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

বোগলা ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রামের বাসিন্দা মো. সাব্বির আকন্দ জানান, সোমবার রাত থেকে ঢল নামছে। চেলার নদীর ইদুকোন ও আলমখালি দিয়ে পানি ঢুকছে। এখানে বন্যায় আগেই বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল।

দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাংলাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) আবুল হোসেন আজ সকালে বলেন, তাঁর ইউনিয়নে রাতে কিছু পাহাড়ি ঢল নেমেছে। এই ইউনিয়নের ৫০টি গ্রামের সব কটিই প্লাবিত ছিল। বন্যায় ১২০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন অনেকের বাড়িঘর থেকেই বন্যার পানি নেমেছে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা প্রথম আলোকে বলেন, দোয়ারাবাজার উপজেলা এখনো বন্যাকবলিত। মানুষের বাড়িঘর, রাস্তাঘাটে পানি আছে। এখন বৃষ্টি হওয়ায় আবার পানি বাড়ছে। তাঁরা বন্যার্তদের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসমাগ্রী বিতরণ করছেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, আগামী ২৪ ঘণ্টা সুনামগঞ্জে বৃষ্টি হবে। তবে ভারী নয়, এই বৃষ্টি হবে হালকা। সুরমা নদীর পানি কিছুটা বাড়লেও পরিস্থিতি আগের মতো হবে না।

সুনামগঞ্জে ১৬ জুন থেকে ভয়াবহ বন্যা দেখা দেয়। জেলার প্রতিটি উপজেলা বন্যাকবলিত হয়ে পড়ে। অসংখ্য বাড়িঘর, অফিস-আদালত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যায়। সুনামগঞ্জ টানা চার দিন সারা দেশ থেকে বিচ্ছিন্ন ছিল। এ সময়কালে মুঠোফোনের নেটওয়ার্ক ছিল বন্ধ।

আরও পড়ুন

সুনামগঞ্জ পৌর শহরে চার থেকে সাত ফুট পানি হয়। হাজার হাজার মানুষ আশ্রয় নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আত্মীয়স্বজনের বাড়িঘরে। এরপর ২০ জুন থেকে বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। মানুষের বাড়িঘর, রাস্তাঘাট থেকে পানি নামছে। তবে এখনো অনেক আশ্রয়কেন্দ্রে লোকজন আছে। অনেকেই ফিরেছে, আবার যাদের বাড়িঘর ব্যাপক ক্ষতি হয়েছে, তারা ফিরতে পারছে না।

এখনো জেলার জগন্নাথপুর, তাহিরপুর, জামালগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় মানুষ পানিবন্দী আছে। এসব উপজেলার নিচু এলাকায় বাড়িঘর, রাস্তাঘাটে আছে বন্যার পানি। জেলা-উপজেলায় মূল সড়কগুলো ভেসে উঠলেও ইউনিয়ন ও গ্রামীণ সড়ক এখনো পানিতে প্লাবিত আছে। পানি নামার সঙ্গে সঙ্গে নানা রোগবালাই দেখা দিচ্ছে।

আরও পড়ুন

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৬২০ আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৬০ হাজার মানুষ আশ্রয় নিয়েছিল। পানি কমতে শুরু করায় অনেকেই বাড়িঘরে ফিরেছে। সরকারি হিসাবে জেলায় সাড়ে চার লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে ১৫ জন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, জেলার দু-তিনটি উপজেলায় এখনো পানি আছে। তবে পরিস্থিতি সব স্থানেই উন্নত হচ্ছে। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। পাশাপাশি সরকারের ত্রাণ তৎপরতা অব্যাহত আছে।