ভবদহের সেচ প্রকল্প বাতিলসহ ছয় দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার সমাধানের জন্য ছয় দফা দাবিতে স্মারকলিপি দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা। আজ রোববার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার সমাধানের জন্য ছয় দফা দাবি জানিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে সংগ্রাম কমিটির নেতারা এই দাবি তুলে ধরেন।

স্মারকলিপিতে ছয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়ে বলা হয়, দ্রুত দাবি বাস্তবায়িত না হলে ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য যশোরের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

স্মারকলিপিতে উল্লেখ করা ছয় দফা দাবি হলো প্রস্তাবিত প্রায় ৪৫ কোটি টাকার ‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণ’ সেচ প্রকল্প বাতিল, ক্রাস প্রোগ্রামে মাঘী পূর্ণিমার আগেই বিল কপালিয়া টিআরএম (টাইডল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারাধার) চালু, ভবদহ স্লুইচ গেটের ভাটিতে ৫–৬টি স্ক্যাভেটর দিয়ে পাইলট চ্যানেল খনন ও ২১, ৯, ৬ ভেন্টের গেটগুলো ওঠানামার ব্যবস্থা করা, জনপদের ফসল, বাড়িঘরসহ অন্যান্য ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, কৃষিঋণ মওকুফ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আমডাঙ্গা খাল সংস্কারকাজে প্রি-ওয়ার্ক ও পোস্ট ওয়ার্ক জনসমক্ষে টাঙিয়ে দেওয়া ও কাজের স্বচ্ছতা নিরূপণে আন্দোলনকারী সংগঠন ও জনপ্রতিনিধিদের নিয়ে তদারকি কমিটি গঠন করা এবং সরকারকে মিথ্যা তথ্য প্রদান, নদী হত্যা, জনপদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশা, ফসল, বসতবাড়ি ও জানমালের ক্ষয়ক্ষতির সঙ্গে জড়িত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

স্মারকলিপিতে বলা হয়, পাউবোর নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় কর্তৃপক্ষ সরকারকে মিথ্যা তথ্য প্রদান করছেন এবং জনমতকে উপেক্ষা করে পাম্পের মাধ্যমে সেচ দিয়ে জলাবদ্ধতা মুক্ত করার অবিবেচনাপ্রসূত প্রকল্প দিয়ে অর্থ অপচয় করছেন। তা ছাড়া এবার পাম্পের মাধ্যমে পানি সেচ দেওয়ার ফলে এলাকায় ব্যাপক ফসল উৎপাদন এবং এবার এলাকা জলাবদ্ধ হয়নি, মানুষের বাড়িঘর-রাস্তা ও কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠেনি ও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি বলে মিথ্যা তথ্য প্রদান করেছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, পানিসম্পদ মন্ত্রণালয় ও পাউবোর দুর্নীতিগ্রস্ত চক্রের চক্রান্তে ২০১৭ সালে জাতীয় কর্মশালায় গ্রহণ করা টিআরএম প্রকল্প বানচালের ফলে এই জনপদের জনগণের বারবার হাজার হাজার কোটি টাকার ফসল, বসতবাড়ির ক্ষতি হয়েছে। জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। ২০২১ সালেই পানিতে ডুবে মারা গেছেন একটি শিশুসহ চারজন। এদিকে নদী মেরে ফেলার ফলে কেশবপুরের ২৭ বিলও জলাবদ্ধ হয়ে গেছে।

আরও পড়ুন

যশোর জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল হাসান স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, আহ্বায়ক রনজিত বাওয়ালী, যুগ্ম আহ্বায়ক গাজী আবদুল হামিদ, সদস্য শিবপদ বিশ্বাস, অনিল বিশ্বাস, কার্তিক বকশী, অমিতাভ মল্লিক, সাধন বিশ্বাস, রাজু আহমেদ, মনিমোহন মণ্ডল, রবি সরকার প্রমুখ।