ব্রাহ্মবাড়িয়ার আশুগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনায় ভবনমালিকের গাফিলতিকে দায়ী করেছেন স্বজনেরা। তাঁদের অভিযোগ, বারবার বলার পরও ভবনমালিক ত্রুটিপূর্ণ গ্যাস–সংযোগ মেরামত করাননি। তবে অভিযোগ অস্বীকার করেছেন ভবনমালিকের দুই ছেলে। ঘটনার পাঁচ দিন পর গত রোববার পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
গত ২২ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিক্ষক দম্পতি মকবুল মিয়া (৪২) ও রেখা বেগম (৩৫), তাঁদের দুই ছেলে আরিফ হোসেন (১১) ও জোবায়ের হোসেন (৭) এবং রেখার গর্ভের সন্তান মারা যায়।
মকবুল আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের সফর মিয়ার ছেলে। তিনি সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। উপজেলা সদরের শরীয়তনগর এলাকার আলাই মোল্লার ভবনের নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।
স্থানীয় ব্যক্তিরা জানান, পাঁচ থেকে ছয় বছর আগে স্ত্রী-সন্তান নিয়ে আশুগঞ্জের শরীয়তনগর বাজারে আসেন মকবুল। দুই বছর আগে সেখানে মাতৃছায়া কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেন। মকবুল প্রধান শিক্ষক ও স্ত্রী রেখা সহকারী শিক্ষক ছিলেন।
মকবুলের ছোট ভাই রমজান মিয়া প্রথম আলোকে বলেন, ঘটনার প্রায় আট দিন আগে বাসার গ্যাসের চুলার রাইজার ও সংযোগ দিয়ে গ্যাস লিক হচ্ছে বলে বাড়ির মালিককে জানিয়েছিলেন মকবুল। কিন্তু তিনি তা মেরামত করেননি। পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়ায় তাঁরা গ্রামের বাড়ি শরীফপুরে চলে আসেন। ১৯ ফেব্রুয়ারি সকালে আবার স্ত্রী-সন্তান নিয়ে ওই ভাড়া বাসায় ফিরে গেলে একই সমস্যা পান মকবুল। তখন তাঁরা ঘরে রান্নাবান্না বন্ধ রাখেন। ঘটনার দিন রাতে মশার কয়েলের জন্য রান্নাঘরে শিশু আরিফ দেশলাই জ্বালাতেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো ঘর আগুনে ছেয়ে যায়। তিনি আরও বলেন, আরিফকে বাঁচাতে ছুটে আসেন তার মা, বাবা ও ছোট ভাই। অগ্নিকাণ্ডের ফলে বাসার বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় অন্ধকারে দরজা খুলে বের হতে পারেনি কেউই। ভেতরে আটকা পড়ে মকবুল, রেখা, আরিফ ও জোবায়ের দগ্ধ হয়।
নাম প্রকাশ না করার শর্তে জেলা ফায়ার সার্ভিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গ্যাসের লাইনে লিক ছিল। ত্রুটিপূর্ণ গ্যাসের সংযোগ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
গত সোমবার আশুগঞ্জের শরীয়তনগরে আলাই মোল্লার বাড়ির নিচতলার ওই বাসায় গিয়ে দেখা যায়, তিনটি কক্ষে আগুনে পোড়া আসবাব পড়ে আছে। এ সময় বাড়ির মালিকের দুই ছেলে আলম মোল্লা ও মাহফুজ মোল্লা গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাতের বিষয়ে দ্বিমত প্রকাশ করেন। তাঁরা প্রথম আলোকে বলেন, মকবুল তাঁর বাসার একটি কক্ষ এক এনজিও কর্মীর কাছে সাবলেট দিয়েছিলেন। তাঁর কক্ষে গ্যাসের সিলিন্ডার ছিল। ওই সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিস্ফোরিত সিলিন্ডারের অংশবিশেষ দেখতে চাইলেও তাঁরা তা দেখাতে পারেননি।
এদিকে ঘটনার পাঁচ দিন পর গঠন করা তদন্ত কমিটির সদস্যরা ঘটনার সাত দিন পর আজ মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে তদন্তকাজ শুরু করেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তদন্ত কমিটির প্রধান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমসহ কমিটির সদস্যরা ঘটনাস্থলে যান।
তদন্ত কমিটির সদস্য আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সাক্ষ্যপ্রমাণ ও সিসিটিভির ফুটেজ দেখে মনে হচ্ছে, ঘরের ভেতরে গ্যাস পুঞ্জীভূত অবস্থায় ছিল। গ্যাস বা কয়েল থেকে আগুনের সূত্রপাত কি না, এখনো নিশ্চিত নন। তবে ওই ঘরে গ্যাস সিলিন্ডারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
আশুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে বলেছিলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার ভয়াবহতা অনুধাবন করে এবং মৃতের সংখ্যা বাড়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দেরিতে তদন্ত কমিটি গঠনের কারণ জানতে চাইলে অরবিন্দ বিশ্বাস বলেন, ‘আমরা মামলার জন্য অপেক্ষা করছিলাম। মামলা হলে পুলিশই তদন্ত করত। এখন মামলা না হওয়ায় তদন্ত কমিটি গঠন করেছি।’