মুহূর্তের আগুনে শেষ হাসিখুশি একটি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মকবুল মিয়া, রেখা বেগম ও তাঁদের দুই সন্তান জোবায়ের হোসেন ও আরিফ হোসেন (বাম থেকে)। আগুন কেড়ে নিয়েছে তাদের সবার প্রাণ
ছবি: সংগৃহীত

শিক্ষক দম্পতি মকবুল মিয়া (৪২) ও রেখা বেগম (৩৫)। মাতৃছায়া কিন্ডারগার্টেনে দুজনই পড়াতেন। রেখা বেগম ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা। দুই ছেলে নিয়ে ছিল তাঁদের হাসিখুশি সংসার। গর্ভের সন্তানটি মেয়েশিশু বলে আনন্দ-উচ্ছ্বাসেরও কোনো কমতি ছিল না। বেশ সুখেই দিন কাটছিল তাঁদের। কিন্তু একটি অগ্নিকাণ্ড বদলে দিয়েছে সবকিছু। দগ্ধ হয়ে গর্ভের সন্তানসহ পাঁচজনের মৃত্যুতে শেষ হয়ে গেল পরিবারটি।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর এলাকায় গত ২২ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘরে মশার কয়েল জ্বালাতে যায় এই দম্পতির ১১ বছর বয়সী শিশু আরিফ হোসেন। দেশলাই জ্বালাতেই মুহূর্তে পুরো ঘর আগুনে ছেয়ে যায়। আরিফকে বাঁচাতে ছুটে আসেন তার মা, বাবা ও ছোট ভাই। অগ্নিকাণ্ডের ফলে বাসার বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় অন্ধকারে দরজা খুলে বের হতে পারেননি কেউই। ভেতরে আটকা পড়ে মকবুল, রেখা বেগম, বড় ছেলে আরিফ ও ছোট ছেলেশিশু জোবায়ের হোসেন (৭) সবাই দগ্ধ হন।

পুলিশ, ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকাবাসী, পুলিশ এবং আশুগঞ্জ, সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের চারটি দলের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ শিশু জুবায়েরের মৃত্যু হয় ঘটনাস্থলে। আর অন্তঃসত্ত্বা রেখা বেগম, তাঁর স্বামী মকবুল ও বড় ছেলে আরিফকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। ১৯ ঘণ্টা পর রেখার স্বামী মকবুল মারা যান। আর রেখার গর্ভে থাকা মেয়েসন্তানের জন্ম হয় মৃত অবস্থায়। অগ্নিদগ্ধ বড় ছেলে আরিফ গত রোববার সকালে এবং সর্বশেষ গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রেখারও মৃত্যু হয়।

আরও পড়ুন

মকবুল আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের সফর মিয়ার ছেলে। তিনি সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। উপজেলা সদরের শরীয়তনগর এলাকার আলাই মোল্লার ভবনের নিচ তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।

মকবুলের চাচা মোমিনুল হক প্রথম আলোকে বলেন, পাঁচ থেকে ছয় বছর আগে স্ত্রী–সন্তান নিয়ে আশুগঞ্জের শরীয়তনগর বাজারে আসেন মকবুল। দুই বছর আগে সেখানে মাতৃছায়া কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেন তিনি। মকবুল প্রধান শিক্ষক এবং স্ত্রী রেখা সহকারী শিক্ষক ছিলেন। তাঁদের একটি হাসিখুশি পরিবার ছিল। অগ্নিদগ্ধ হওয়ার পর রেখার অবস্থা খুবই খারাপ ছিল। গর্ভের সন্তানটিকে দেখতে পারলেন না, একে একে স্বামী–সন্তান সবাই মারা যাচ্ছিল, আর নিজেরও ছিল আগুনে পোড়ার যন্ত্রণা। সবার শেষে তিনিও চলে গেলেন। একটা পরিবারের আর কেউই রইল না।

আরও পড়ুন

মকবুলের ছোট ভাই রমজান মিয়া বলেন, ঘটনার দিন রাতে রেখা ভাবি শিশু জোবায়েরকে নিয়ে শুয়ে ছিলেন। বড় ছেলে আরিফকে বলেছিলেন, মকবুল ভাইকে খাবার দিতে। ভাই ভাবিকে ডাকতে আরিফকে পাঠাল। ভাবি খাবেন না বলে যাননি। দুই ছেলে মায়ের কপালে চুমু দিয়ে বাবার সঙ্গে খেতে বসে। বাবার কথায় রান্নাঘরে মশার কয়েল জ্বালাতে যায় আরিফ। তখনই ঘটে এ দুর্ঘটনা।