ভাঙ্গায় সংঘর্ষের জেরে আরও ২৫টি বাড়িতে হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের জেরে আরও ২৫টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত উপজেলার মানিকদহ ইউনিয়নের খাকান্দা, নাজিরপুর ও ব্রাহ্মণকান্দা গ্রামে এসব ঘটনা ঘটে।

পরে ভাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বৃহস্পতিবার ১৩টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে আজ সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষে নেতৃত্ব দেন মানিকদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য পুখরিয়া গ্রামের করিম মাতবর (৭৬) ও ব্রাহ্মণকান্দা গ্রামের ইয়াকুব আলী মিয়া (৬২)। অপর পক্ষের নেতৃত্ব দেন পুখরিয়ার তুহিন খাঁ (৩৫) ও খাকান্দা গ্রামের কালাম মোল্লা (৭০)। গতকালও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

মানিকদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মিলন সরদার বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সংঘর্ষের পর পুলিশ আমাদের আশ্বাস দিয়েছিল, আর সমস্যা হবে না। কিন্তু আজ শুক্রবার সকাল থেকে আবার তাণ্ডব শুরু হয়। করিম ও ইয়াকুব আলীর পক্ষের লোকজন আজ তুহিন খাঁ ও কালাম মোল্লা পক্ষের লোকজনের বাড়িতে এই হামলা চালিয়েছেন। যেভাবে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে, তাতে দুপুরে ভাত রান্না করার জন্য বাড়িতে এক মুঠ চাল নেই, রান্না চুলায় দেওয়ার মতো কোনো হাঁড়ি নেই।’

হামলার বিষয়ে জানার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি অভিযুক্ত করিম ও ইয়াকুবের সঙ্গে। খাকান্দা গ্রামের বাসিন্দা পনি আক্তার বলেন, আজ সকাল সাতটা থেকে হামলা, ভাঙচুর ও লুটপাট শুরু হয়। খাকান্দা ও নাজিরপুর গ্রামের শাহজাহান সরদার, মজিবর তালুকদার, হায়দার তালুকদার, রোকন তালুকদার, রবি মৃধা, মিলন সরদার, ব্রাহ্মণকান্দা গ্রামের হায়দার মোল্লা, সরো শেখের বাড়িসহ অন্তত ২৫টি বাড়িতে তাণ্ডব চালানো হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, আজ সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় শুক্রবার বিকেল চারটা পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।

গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া, ব্রাহ্মণকান্দা, খাকান্দা ও নাজিরপুর গ্রামের বাসিন্দারা দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়ান। ওই সংঘর্ষের সময় দুটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া ১৩টি বাড়ি ভাঙচুর করা হয়। আহত হয়েছিলেন ২৫ জন।

আরও পড়ুন
আরও পড়ুন