‘ভিনদেশি বধূ’ আলিসা ও রাকিবের বউভাতে আপ্যায়িত ৩ হাজার অতিথি
‘ভিনদেশি বধূ’ আলিসা থেওডোরা ও বরিশালের রাকিব হাসানের (২৬) বউভাতে প্রায় তিন হাজার অতিথিকে আপ্যায়ন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলাল বাটনা গ্রামে এ অনুষ্ঠান হয়।
রাকিব হাসান উলাল বাটনা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। শহিদুল চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর দুই ছেলে–মেয়ের মধ্যে রাকিব বড়।
বউভাতের বিষয়ে জানতে চাইলে শহিদুল ইসলাম বলেন, ‘করোনার কারণে বিয়ের পর ছেলে বউ নিয়ে দেশে আসতে পারেনি। তাই তখন বিয়ে উপলক্ষে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারিনি। এর মধ্যে নাতি হয়েছে। বউ ও নাতিকে নিয়ে ছেলে দেশে আসার পর গত বুধবার ওদের গায়েহলুদ হয়। আজ বউভাতের আয়োজন করা হয়েছিল। এতে আত্মীয়স্বজনসহ প্রায় তিন হাজার অতিথি এসেছেন। তাঁদের দুপুরে আপ্যায়ন করা হয়। অতিথিরা ছেলের বউ ও নাতিকে দেখেছেন। দোয়া করেছেন। এতে আনন্দে বুকটা ভরে গেছে।’
শহিদুল ইসলাম আরও বলেন, বিয়েতে ছেলের বউয়ের স্বজনদেরও আমন্ত্রণ করা হয়েছিল। তবে আলিসার ছোট বোনের পরীক্ষা থাকায় তাঁরা আসতে পারেননি। তবে ভিডিও কলে প্রতিদিনই তাঁদের সঙ্গে কথা হচ্ছে। তাঁরা এসব আয়োজন দেখে অনেক খুশি হয়েছেন। এ ছাড়া গায়েহলুদ থেকে বউভাত অনুষ্ঠান—সবকিছুই উপভোগ করেছেন আলিসা।
মার্চের শেষের দিকে রাকিব ও আলিসার জার্মানিতে ফিরে যাওয়ার কথা রয়েছে বলেও জানান শহিদুল ইসলাম।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহিদুল ইসলাম বলেন, ভিনদেশি বউ নিয়ে রাকিব গ্রামে ফেরার পর থেকে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। জার্মান বধূকে দেখতে তাঁদের বাড়িতে ভিড় লেগেই আছে। আজ এলাকার মানুষকে আপ্যায়ন করা হয়েছে। সবাই বিপুল উৎসাহ নিয়ে এতে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, রাকিবের বাবা শহিদুল আগে ইতালিপ্রবাসী ছিলেন। ২০১১ সালে বাবার সঙ্গে ইতালিতে যান রাকিব। সেখান থেকে ২০১২ সালে যান জার্মানিতে। সেখানে একটি কোম্পানিতে চাকরি করেন রাকিব। কয়েক বছর আগে তাঁর পরিচয় হয় জার্মান তরুণী আলিসা থেওডোরার সঙ্গে। এভাবে জানাশোনা, ভালো লাগার পর প্রেম হয় তাঁদের মধ্যে।
২০২০ সালের ১৫ মার্চ বিয়ে করেন রাকিব ও আলিসা। দূর দেশে অনুষ্ঠিত এ বিয়েতে কনেপক্ষের লোকজন উপস্থিত থাকলেও বরপক্ষের কেউ অংশ নিতে পারেননি। রাকিবের ইচ্ছা ছিল, বিয়ের কিছুদিনের মধ্যেই নববধূকে সঙ্গে নিয়ে দেশে এসে ধুমধাম করে অনুষ্ঠান করার। কিন্তু তাঁর সেই ইচ্ছায় বাধা হয়ে দাঁড়ায় করোনা। অপেক্ষা করতে থাকেন তাঁরা। তত দিনে রাকিব-আলিসা দম্পতির কোলজুড়ে আসে ফুটফুটে ছেলেসন্তান। এত দিনে প্রতীক্ষার পালা শেষ হয়। স্ত্রী ও ছয় মাস বয়সী ছেলে ইলিয়াস হাসানকে নিয়ে গত শুক্রবার জার্মানি থেকে দেশে ফেরেন রাকিব।
শনিবার দুপুরে হেলিকপ্টারে চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজারসংলগ্ন মাঠে নামেন রাকিব হাসান ও তাঁর স্ত্রী আলিসা। এ সময় ছেলে, ছেলের বউ ও নাতিকে বরণ করে নেন রাকিবের বাবা শহিদুল ইসলাম, মা নাসরিন জাহান ও স্বজনেরা। এরপর ঘোড়ার গাড়িতে করে তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয়।