ভোট বর্জনের ঘোষণা দিলেন চারঘাটের বিএনপির মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী জাকিরুল ইসলাম নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন
ছবি: শহীদুল ইসলাম

ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণের পর রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনের বিএনপি–মনোনীত মেয়র প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ রোববার বেলা দেড়টায় পৌর এলাকার মিয়পুর মহল্লায় নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এই ভোট বর্জনের ঘোষণা দেন।

বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র জাকিরুল ইসলাম বলেন, ‘ভোটকেন্দ্র দখলে নিতে আমার সামনেই হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। কোনো কেন্দ্রে ধানের শীষের এজেন্ট থাকতে দেওয়া হয়নি। প্রশাসন নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। বারবার অভিযোগ করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। প্রশাসন সহযোগিতা না করার কারণে আমি মনে করি, ভোটে আমার থাকা উচিত নয়।’

বিএনপি প্রার্থীর ভোট বর্জনের বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল আলম বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। বিএনপি প্রার্থী কেন নির্বাচন বর্জন করছেন, সেটা তিনিই বলতে পারবেন।

এর আগে বেলা ১১টার দিকে সারদা থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে হতাহত হওয়ার কোনো ঘটনা না ঘটলেও ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

হাতবোমা বিস্ফোরণের সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী একরামুল হক, বিএনপির মেয়র প্রার্থী জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন। তাঁরা টেলিভিশন সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছিলেন। তখনই সামান্য দূরে ভোটারদের সারির পেছনে হঠাৎ দুটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরণ হয়। কে বা কারা এই বোমা নিক্ষেপ করেছে, তা বোঝা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি হাতবোমার একটি বিস্ফোরিত হয়। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এসে অবিস্ফোরিত হাতবোমাটি উদ্ধার করেন। এরপর সেটি নিষ্ক্রিয় করা হয়। হাতবোমার বিস্ফোরণের সময় অনেক ভোটার ভোটকেন্দ্র থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন