মদনে স্কুলছাত্রীকে একসঙ্গে ৪ ডোজ টিকা দেওয়ার ঘটনায় থানায় জিডি
নেত্রকোনার মদনে এক স্কুলছাত্রীকে পরপর চার ডোজ টিকা দেওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওই স্কুলছাত্রীর বাবা আজিজুল হক মদন থানায় জিডিটি করেন।
বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী ওই ছাত্রীর নাম আবিদা বিনতে আজিজ (১৪)। গত শনিবার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে করোনার পরপর চার ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটে। পরের দিন রোববার ঘটনা তদন্তে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে ডেপুটি সিভিল সার্জন অভিজিৎ লোহকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জিডিতে আজিজুল হক উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি সকালে তাঁর মেয়ে আবিদা করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে টিকাদান কার্যক্রমের দায়িত্বে থাকা একজন নার্স মুঠোফোনে কথা বলতে বলতে তাঁর মেয়ের ডান হাতে পরপর চার ডোজ টিকা দেন। এর পার্শ্বপ্রতিক্রিয়ায় আবিদার শরীরে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা করছেন তাঁরা। তাই এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করলেন।
আদিবা বিনতে আজিজ মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তাদের বাসা মদন পৌরসভার মাহমুদপুর এলাকায়।
এদিকে টিকা নেওয়ার পর ওই স্কুলছাত্রীর শরীরে ব্যথা ও জ্বর কমলেও গত মঙ্গলবার থেকে তার চোখে ব্যথা হচ্ছে। বিষয়টি জানিয়ে তার চাচা মদন জোবাইদা রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে আবিদাকে নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে ড্রপ ও খাবার ওষুধ দিয়েছেন এবং চশমা ব্যবহার করতে বলেছেন। বিষয়টি নিয়ে পরিবারের সবাই চিন্তায় আছি।’
ওই স্কুলছাত্রীকে পরপর চার ডোজ টিকা দেওয়ার ঘটনায় তদন্ত কমিটির সদস্য চিকিৎসক উত্তম কুমার পাল প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেছি। মেয়েটি আমাদের তত্ত্বাবধানেই আছে। এখন পর্যন্ত তার শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। আমরা বিষয়টি গুরুত্ব নিয়ে দেখছি। নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে।’