মনোনয়নবঞ্চিত ১৩ নেতাকে প্রচারণায় নামাতে চায় আ.লীগ, ঢাকায় বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পোস্টারে ছেয়ে গেছে নগরের অলিগলি। ১৫ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে। লিবার্টি মোড়, কুমিল্লা
ছবি: প্রথম আলো

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত ১৩ নেতার সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতারা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ধানমন্ডি দলীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়, শেষ হয় বেলা একটায়। বৈঠকে সব ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

নির্বাচনী প্রচারণা শেষের তিন দিন আগে এ বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৫-১১ মে পর্যন্ত আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এতে ১৪ জন দলীয় মনোনয়ন পেতে আবেদন ফরম জমা দেন। তাঁরা হলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা ও মো. ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক, তথ্য ও সমাজকল্যাণ সম্পাদক নুর উর রহমান মাহমুদ, শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান, মহানগর আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শ্যামল চন্দ্র ভট্টাচার্য, ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান, চট্রগ্রামের রাউজান উচ্চবিদ্যালয়ের সাবেক জিএস (সাধারণ সম্পাদক) কাজী ফারুক আহমেদ, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক মো. শাহজাহান ও শফিউর রহমান। এর মধ্যে ১৩ মে আরফানুল হক দলীয় মনোনয়ন পান। আরফানুল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন অনুসারী।

আরও পড়ুন

দলীয় সূত্র বলছে, আরফানুল দলীয় মনোনয়ন পাওয়ার পর বঞ্চিত ১৩ নেতাকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটিতে রাখা হয়নি। তাঁরাও প্রচারণায় নামেননি। এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ কুমিল্লার একটি হোটেলে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে ১৩ নেতা ও এর বাইরে শ্রমিকনেতা মনির হোসেন ও হানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুল ইসলামকে ঢাকায় তলব করে কেন্দ্রীয় কমিটি। সেখানে মনোনয়নবঞ্চিত নেতারা তাঁদের অভিযোগ উত্থাপন করেন। পরে তাঁদের সব ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার জন্য বলা হয়। মনোনয়নবঞ্চিত ব্যক্তিরাও বলেছেন, তাঁরা কাজ করবেন।

আরও পড়ুন

সভায় উপস্থিত সংসদ সদস্য আঞ্জুম সুলতানা বলেন, ‘সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সভা হয়। সভায় নৌকার পক্ষে কাজ করার জন্য বলা হয়েছে। আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচন আচরণবিধির কারণে প্রচারণায় অংশ নিতে পারব না। কিন্তু আমার নেতা-কর্মীরা কাজ করছেন।’

১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন