মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন যমজ সন্তান জন্ম দেওয়া অসহায় রুমা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যমজ সন্তান জন্ম দেওয়া রুমা আক্তারের মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছে সরকার। পাশাপাশি তাঁকে বিভিন্নভাবে সহযোগিতা করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে রুমার দায়িত্ব নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসক মো. শাহ্গীর আলম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
জেলা প্রশাসক মো. শাহ্গীর আলম বলেন, ওই নারীকে আখাউড়া উপজেলার নারায়ণপুর এলাকার আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর দেওয়া হবে। এ ছাড়া তাঁর মাতৃত্বকালীন ভাতা ও ভিজিডি কার্যক্রমের আওতায় ৩০ কেজি করে চাল দেওয়া হবে। আত্মনির্ভরশীলতার জন্য তাঁকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। সর্বোপরি তিনি যেন পিছিয়ে না পড়েন, সে জন্য নিয়মিত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।
জেলা প্রশাসক আরও বলেন, আখাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী ও আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা ফলমূল নিয়ে ওই নারীকে দেখে এসেছেন এবং নগদ দুই হাজার টাকাও দিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে নগদ ১০ হাজার টাকা দেওয়া হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ‘যমজ সন্তানদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই চান রুমা’ শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) মো. আহসান কিবরিয়া সিদ্দিকির নজরে আসে। তিনি রুমার মাথা গোঁজার ঠাঁই করে দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, অন্তঃসত্ত্বা রুমা আক্তারকে (৩০) একা ফেলে বড় সন্তানকে নিয়ে অন্যত্র চলে গেছেন স্বামী। কোনো উপায় না পেয়ে রেলওয়ে জংশনে আশ্রয় নেন রুমা। গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রক্রিয়ায় যমজ সন্তানের জন্ম দেন তিনি। এক মেয়েসন্তান নিয়ে স্বামী অন্যত্র চলে যাওয়ায় মাথা গোঁজার ঠাঁই ও যমজ দুই সন্তানের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েন রুমা।
রুমা আক্তারের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। পারিবারিক কলহের কারণে ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে যান। এরপর রাস্তাঘাটে ঘুরেই বেড়ে উঠেছেন। কয়েক বছর আগে হবিগঞ্জের দিনমজুর ইব্রাহিম মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসারে এক মেয়ের জন্ম হয়। স্বামীকে নিয়ে আখাউড়ার খড়মপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন রুমা। তবে কয়েক মাস আগে মেয়েকে নিয়ে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে গেছেন ইব্রাহিম।
রুমা আক্তার প্রথম আলোকে বলেন, আখাউড়ার খড়মপুরে স্বামী ও মেয়েকে নিয়ে ভাড়া বাসায় তাঁদের ভালোই দিন কাটছিল। তবে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর মেয়েকে নিয়ে তাঁর স্বামী অন্যত্র চলে যান। আয়রোজগার না থাকায় তিনি ভাড়া বাসা ছেড়ে আখাউড়া রেলস্টেশনে থাকতেন।
রুমা আক্তার বলেন, ‘অন্যের কাছে হাত পেতে আমার দিন চলত। স্টেশন এলাকায় সুমি আক্তার নামের এক নারীকে মা ডাকি। ওই রাতে আমার ব্যথা উঠলে তিনিই আমাকে হাসপাতালে নিয়ে আসেন। স্বামী এখন কোথায় জানি না। ছোটবেলা থেকেই মা-বাবার আদর পাইনি। আমাদের পাঁচ বোনের মধ্যে এক বোন মারা গেছে। বাকিদের সঙ্গেও আমার কোনো যোগাযোগ নেই।’
রুমা তাঁর দুই ছেলের নাম রেখেছেন হাসান ও হোসেন। কিন্তু হাসপাতাল থেকে নবজাতকদের নিয়ে কোথায় যাবেন, সেটা তিনি জানেন না। তিনি উপজেলাবাসীর কাছে আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স তানিয়া আক্তার ও রোকসানা আক্তার বলেন, প্রসব করানোর সময় রুমার গর্ভে যমজ সন্তান আছে, সেটা বোঝা যাচ্ছিল। তবে পরীক্ষা-নিরীক্ষা না করানোর কারণে ওই নারী বিষয়টি জানতেন না। তবে সন্তান প্রসবের সময় বড় ধরনের কোনো জটিলতা তৈরি হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ওই নারীকে গতকাল দেখে এসেছেন তিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ১০ হাজার টাকা দেওয়া হবে। জুলাই মাস থেকে তাঁর মাতৃত্বকালীন ভাতা দেওয়া শুরু হবে। পাশাপাশি ভিজিডি কার্যক্রমের আওতায় তাঁকে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। তিনি বলেন, সামাজিক নিরাপত্তার জন্য জাতীয় পরিচয়পত্র খুব জরুরি। কিন্তু ওই নারীর জাতীয় পরিচয়পত্র নেই। তাঁরা সেটি সংগ্রহের চেষ্টা করছেন।