মাদারীপুরের বিচ্ছিন্ন চরে সেই গুচ্ছগ্রাম পরিদর্শনে জেলা প্রশাসক
মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পদ্মার বিস্তীর্ণ চরে নির্মিত চরচান্দ্রা গুচ্ছগ্রামটি পরিদর্শন করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি গুচ্ছগ্রামটি পরিদর্শনে যান।
মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা মৌজায় নদীভাঙা হতদরিদ্রদের জন্য নির্মাণ করা হয় গুচ্ছগ্রামটি। সেখানে ৯০টি টিনশেড ঘর নির্মাণে ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় হয়। নাগরিক সুযোগ-সুবিধা না থাকায় গুচ্ছগ্রামটি মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। বরাদ্দ পাওয়া পরিবারগুলো আর্থিকভাবে কিছুটা সচ্ছল থাকায় তারা আরও এক থেকে দেড় বছর আগে এই ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্য স্থানে। বর্তমানে নদীভাঙনের শিকার হয়ে ভাসমান তিনটি পরিবার এখনে আশ্রয় নিলেও তারা কেউ বরাদ্দ পাওয়া পরিবার নয়। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে শুধু একটি পরিবারের দুজন বাসিন্দা চরচান্দ্রা গুচ্ছগ্রামে বসবাস করছেন।
এ নিয়ে বুধবার প্রথম আলোয় ‘বিচ্ছিন্ন চরে কোটি টাকার গুচ্ছগ্রাম, বাসিন্দা দুজন’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপরই বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।
গুচ্ছগ্রামটি পরিদর্শন শেষে জেলা প্রশাসক রহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘গুচ্ছগ্রামটি যখন করা হয়, তখন স্কুল, কমিউনিটি ক্লিনিক, বাজার থেকে শুরু করে সবই ছিল। তাই ঘর বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা গুচ্ছগ্রামের ঘরগুলোতে উঠেছিলেন। সেই ছবি আমি দেখলাম। তবে গত অর্থবছরে স্কুল, কমিউনিটি ক্লিনিক, বাজারসহ সবই পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। গুচ্ছগ্রামের কয়েকটি ঘরও নদীতে বিলীন হয়ে গেছে। ঘরগুলো নদীতে বিলীন হওয়ার চিন্তা থেকে গুচ্ছগ্রামের উপকারভোগী লোকজন এখন আর ঘরে থাকছেন না।’
জেলা প্রশাসক আরও বলেন, গুচ্ছগ্রামটি খুবই ভালো আছে। গুচ্ছগ্রামের ঘর বরাদ্দ পাওয়া উপকারভোগীদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁরা এই গুচ্ছগ্রামে থাকতে আগ্রহী। কিন্তু গুচ্ছগ্রামটি নদীর ভাঙনে বিলীন হয়ে যায় কি না, এই আশঙ্কায় তাঁরা আছেন। এই বিষয়ে বিশেষজ্ঞ যাঁরা আছেন, তাঁদের সঙ্গে কথা বলা হবে। যদি বিশেষজ্ঞরা বলেন, এখানে থাকা যাবে, নদী ভাঙবে না। তাহলে ঘরগুলো প্রতিস্থাপন থেকে শুরু করে যা যা করা লাগবে, তা–ই করা হবে। আর যদি বিশেষজ্ঞ দল মনে করেন, এখানে থাকার পরিবেশ নেই বা থাকা যাবে না, ভাঙনের ঝুঁকি আছে। তাহলে গুচ্ছগ্রামটি অন্য কোথাও স্থানান্তর করা হবে।
গুচ্ছগ্রামটির জায়গা নির্ধারণে পরিকল্পনার অভাব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনিয়ম বা দুর্নীতি ছিল কি না, এমন প্রশ্নের জবাবে রহিমা খাতুন বলেন, গুচ্ছগ্রামটি সাধারণভাবে দেখে মনে হয়েছে, এখানে দুর্নীতির কোনো বিষয় নেই। এখানে ঘরগুলো খুবই ভালো আছে। টিনগুলো এখনো নতুনই আছে। সবকিছুই খুবই সুন্দর ও ঠিকঠাক আছে। দূর থেকে দেখতেও খুব ভালো লাগে। এখানে কোনো অনিয়ম হয়নি বলে তাঁর মনে হয়েছে। আর এটা তো অনিয়মের বিষয়ও নয়। যেহেতু এখানে নদীতে ভেঙে গেছে, ফলে আশপাশে কোনো পাড়াপ্রতিবেশী বা কোনো ঘরবাড়িও নেই। চারদিকে পানি। নদী কখন কোন দিকে ভাঙবে, এটা তো আর নির্দিষ্ট করে বলা যায় না।
বিশেষজ্ঞ দলের বিষয় জানতে চাইলে জেলা প্রশাসক আরও বলেন, এখানে পদ্মা সেতুর কর্তৃপক্ষ আছে। তাদের এই এলাকা সম্পর্কে আলাদা গবেষণা আছে। চরটি থাকবে কি না, তারা এটি বলতে পারবে। তাই তাদের সঙ্গে এই বিষয়ে প্রথম আলাপ করতে হবে। গুচ্ছগ্রামে বিদ্যুতের সংযোগ থেকে শুরু করে সবকিছুরই ব্যবস্থা আছে। বিশুদ্ধ পানিও আছে। একটি গভীর নলকূপ এখানে আছে। মানুষের বসবাসের জন্য যা দরকার, তা–ই করা হবে।
পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল ব্যাপারী প্রমুখ।