মানুষ এখন মূল্যস্ফীতির কঠিন চাপে পড়েছে

বৈশ্বিক করোনা মহামারির কারণে অর্থনৈতিকভাবে কাবু হয়ে গেছে সীমিত আয়ের মানুষ। আয় বাড়েনি, কিন্তু জীবনযাপনের ব্যয় বেড়েছে। সংসার চালাতে হিমশিম অবস্থা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর। এ বাস্তবতায় প্রথম আলো কথা বলেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক রনজিৎ কুমার দত্তের সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক রনজিৎ কুমার দত্ত
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

প্রথম আলো: নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি কীভাবে দেখছেন?

রনজিৎ কুমার দত্ত: জিনিসের দাম এখন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। পণ্যের দাম বাড়লে মূল্যস্ফীতিও বাড়ে। মানুষ এখন মূল্যস্ফীতির কঠিন চাপে পড়েছে। সব জিনিসপত্রের দাম বেড়েছে। এতে সংসার চালাতে কঠিন চাপে পড়তে হচ্ছে।

আরও পড়ুন

প্রশ্ন :

প্রথম আলো: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের আয়ের সঙ্গে কতটা সংগতিপূর্ণ বলে মনে করেন?

রনজিৎ কুমার দত্ত: এখন যে অবস্থা, তাতে আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সংগতির হিসাব করে লাভ নেই। সব জিনিসের দাম চড়া। বিশেষ করে করোনার কারণে মানুষের কর্মসংস্থান, অর্থনৈতিক ক্ষেত্র—সবদিক থেকেই একটা বিপর্যয় এসেছে। বৈশ্বিক এ মহামারি চলাকালে একধরনের সমস্যা ছিল। কিন্তু এটা নিয়ন্ত্রণে আসতে শুরু করার পর এর মূল অভিঘাতটা শুরু হতে চলেছে। এখন এ মহামারির দীর্ঘ মেয়াদে যে প্রতিক্রিয়া, সেটা মোকাবিলা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ জন্য মানুষের সহনশীলতা যেমন বাড়াতে হবে, তেমনি তাদের মানসিক উৎপীড়ন যাতে না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এ ক্ষেত্রে সবারই দায় আছে।

প্রশ্ন :

প্রথম আলো: সামনে কি দ্রব্যমূল্য আরও বাড়ার আশঙ্কা আছে?

রনজিৎ কুমার দত্ত: সেটা চাহিদা ও জোগানের ওপর নির্ভর করছে। তবে এটা বলা যায়, এবার আলু-পেঁয়াজের সংকট হতে পারে ভীষণভাবে। কারণ, অকালবর্ষণের কারণে কৃষকেরা ক্ষতি এড়াতে আগেভাগে আলু-পেঁয়াজ তুলে ফেলেছেন। তাই এর সংকট হতে পারে। সে জন্য সরকারের আগাম প্রস্তুতি রাখা দরকার। সামনে পবিত্র রমজান মাস। এ সময় নিত্যপণ্যের দাম বাড়ার প্রবণতা আছে। এবার সেটা হতে পারে। এ জন্য সরকারের নজরদারি বাড়াতে হবে।

আরও পড়ুন

প্রশ্ন :

প্রথম আলো: বাজার নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নেওয়া দরকার?

রনজিৎ কুমার দত্ত: এটা খুব কঠিন ব্যাপার। কারণ, আমাদের বাজার তদারকি যেটা হয়, সেটা আসলে দাম কমানোর জন্য নয়, ভেজাল ঠেকানোর জন্য। একজন ব্যবসায়ী পণ্য বিক্রি করেন পাইকারি মোকাম থেকে যে দামে কিনে আনেন, সে অনুযায়ী। এখন তাঁর পক্ষে তো পণ্যের দাম কমানো সম্ভব নয়। এ ক্ষেত্রে যা করা যেতে পারে, তা হলো বাজারে পণ্যের চাহিদা নিরূপণ করে সে অনুযায়ী জোগান বা সরবরাহ নিশ্চিত করা। এটা খুব কঠিন কাজ। আর ব্যবসায়ীদের চাপ প্রয়োগ করে নয়, আলোচনা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সরকারি পর্যায়ে কর সমন্বয় বা আমদানির মাধ্যমে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এসব না করলে বাজার পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠতে পারে।