মামলা না তুললে সন্তানসহ বাদীকে হত্যার হুমকি
মাদারীপুরের কালকিনিতে কৃষক লীগ নেতা মানিক সরদার হত্যা মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ও বাদী সীমা খানম কালকিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে সীমা খানম উল্লেখ করেন, মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাঁকে। আজ শনিবার তিনি জিডিটি করেন।
গত ৭ ফেব্রুয়ারি উপজেলা কৃষক লীগের কৃষিবিষয়ক সম্পাদক মানিক সরদারকে (৪০) ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ওরফে মিলন সরদারসহ ১৭ জনের নামে কালকিনি থানায় হত্যা মামলা করেন নিহত ব্যক্তির স্ত্রী সীমা খানম। পরে আসামিরা উচ্চ আদালত থেকে ২৩ ফেব্রুয়ারি চার সপ্তাহের জন্য জামিন নিয়ে এলাকায় ফিরে আসেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, এলাকায় ফিরে মামলা তুলে নিতে নিহত ব্যক্তির পরিবারকে নানাভাবে চাপ দিচ্ছেন আসামিরা। সীমা খানম প্রথম আলোকে বলেন, মামলার প্রধান আসামি হাফিজুর রহমানসহ চারজন জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাড়িতে লোক পাঠান। তাঁদের কথায় সায় না দিলে সন্তানসহ তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। আসামিরা প্রায়ই রাতে ঘরে ইটপাটকেল ছুড়ে ভয়ভীতি দেখাচ্ছেন।
সীমা খানম দাবি করেন, আসামিরা দুই সপ্তাহ ধরে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা বিভিন্ন লোকজনের মাধ্যমে মীমাংসার কথা বলছেন। এতে তিনি খুব অসহায় অবস্থায় আছেন। শাশুড়ি ছেলেকে হারিয়ে এখন প্রায় মানসিক ভারসাম্যহীন। শ্বশুর বয়স্ক মানুষ। ঘরে তিনি ছোট দুই ছেলে–মেয়ে নিয়ে থাকেন। প্রতিদিন ভয়ে ভয়ে থাকতে হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার আসামি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মুঠোফোনে বলেন, তাঁর বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মামলা হয়েছে। তাই হাইকোর্ট তাঁকে চার সপ্তাহের জামিন দিয়েছেন। নিম্ন আদালতেও তিনি স্থায়ী জামিন পাবেন। বাদী যে অভিযোগে জিডি করেছেন, তা সত্য নয়।
জিডির বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক বলেন, পুলিশ মামলার বাদীর অভিযোগ তদন্ত করছে। বাদী ও তাঁর পরিবারের নিরাপত্তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া আলীনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাফিজুর রহমানের পরাজয় ও জমিজমা নিয়ে বিরোধের জেরে খুন হন কৃষক লীগ নেতা মানিক সরদার। আলোচিত এই হত্যাকাণ্ডের পর হাফিজুর রহমানের বসতঘর ও ইটভাটায় আগুন ধরিয়ে দেন স্থানীয় লোকজন।