সন্তান থাকবে ইউরোপে। বাড়িতে মাসে পাঠাবে দুই থেকে তিন লাখ টাকা। সংসারে আসবে সুখ ও সচ্ছলতা। দালালেরা এমন প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলেছিলেন বলে জানান ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার পথে নিখোঁজ তিন তরুণের স্বজনেরা। তাঁদের বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। পরিবার তিনটিতে এখন কান্নার রোল। সন্তানের খোঁজ পেতে পাগলপ্রায় স্বজনেরা।
নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের নিখোঁজ তিন তরুণের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতারক চক্রটির সদস্যরা স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যের আত্মীয়। নিখোঁজ তিনজনের একজন ওই নেতার ছেলে। তাঁর আশ্বাসেই অপর দুই তরুণের পরিবারও চক্রটির প্রতারণার ফাঁদে পা দেয়।
গত ২৭ জানুয়ারি থেকে নিখোঁজ আছেন ওই তিন তরুণ। তাঁরা হলেন কাইচাইল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য বাবুর কাইচাইল গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে ফয়সাল মাতুব্বর (১৯), একই গ্রামের মাজেদ মিয়ার ছেলে নাজমুল মিয়া (২২) ও দক্ষিণ কাইচাইল গ্রামের ইউনুস শেখের ছেলে সামিউল শেখ (২১)। তাঁদের স্বজনদের আহাজারি নিয়ে বুধবার ‘টাকাপয়সা কিচ্ছু চাই না, আমার জাদুরে ফিরায় দাও’ শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
স্বজনেরা জানান, পাচার চক্রের দুই সদস্য থাকেন লিবিয়ায়, দুজন থাকেন দেশে। লিবিয়ায় আছেন কাইচাইল ইউনিয়নের ছোট নাওডুবি গ্রামের মৃত শামছুদ্দিন মাতুব্বরের ছেলে শওকত মাতুব্বর (২৫) ও চানু মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (৩৫)। দেশে থাকা তাঁদের দুই সহযোগী হলেন নাওডুবি গ্রামের হান্নান মাতুব্বরের ছেলে শাহিন মাতুব্বর (৪১) ও মৃত শামসুদ্দিন মাতুব্বরের ছেলে ইলিয়াস মাতুব্বর (৩৯)।
নিখোঁজ সামিউল শেখের বাবা ইউনুস শেখ বলেন, তিনি যখন জমিতে কাজ করতেন, ওই সময় দালাল চক্রের সদস্য শাহীন ও ইলিয়াস তাঁর কাছে আসতেন। বলতেন, ‘তোমার তো অনেক বয়স হয়ে গেছে আর কত দিন কষ্ট করবা। ছেলে তো যথেষ্ট বড় হয়ে গেছে। ওকে বিদেশে পাঠিয়ে দাও। ভালো ভিসা আছে। প্রতি মাসে দুই থেকে তিন লাখ টাকা বেতন পাবে। তুমি পায়ের ওপর পা তুইলা খাইতে পারবা।’
ইউনুস আরও বলেন, ‘বার বার দালাল চক্রের ওই লোভনীয় প্রস্তাবের পাশাপাশি আওয়ামী লীগ নেতা ফারুকের প্রতিশ্রুতিতে আমি রাজি হই। ফারুক বলত, “কোনো সমস্যা নেই। আমার নিজের ছেলেও তো যাচ্ছে।” তা ছাড়া লিবিয়ায় যারা আছে তারা আমারই আত্মীয়। ভয় নেই। দালাল চক্র বলেছিল, বিদেশে যাওয়ার আগে তেমন টাকা খরচ হবে না। শুধু ৫০ হাজার টাকা দিলেই চলবে। বাকি টাকা ছেলে ইতালি পৌঁছানোর পর দিলেই হবে।’
নিখোঁজ নাজমুলের বাবা মাজেদ মিয়া বলেন, তাঁর ছেলে দেশে থাকতে দালাল চক্র পাসপোর্ট ভিসা করার জন্য ৫০ হাজার টাকা নেয়। ওরা লিবিয়া পৌঁছানোর পর স্থানীয় দুই দালাল তাঁদের কাছে এসে বলতে থাকেন, ছেলে তো চলে গেছে। আজ হোক, কাল হোক টাকা তো দিতেই হবে। তাই কিছু টাকা দিয়ে এগিয়ে রাখলে ভালো হয়। নভেম্বরে লিবিয়া যাওয়ার পর ২৭ জানুয়ারি ইতালির উদ্দেশে রওনা হয় তাঁর ছেলে। এর তিন দিন আগে ২৪ জানুয়ারি আওয়ামী লীগ নেতা ফারুকের বাড়িতে দালাল চক্রের সদস্যের হাতে সাত লাখ টাকা তুলে দেন তিনি।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফারুকের দুই মামাতো ভাইয়ের ছেলে শওকত ও রাসেল ২০১৮ সালের শেষের দিকে লিবিয়া যান। ২০১৯ সালের নভেম্বর থেকে তাঁরা লিবিয়া হয়ে ইতালিতে লোক পাঠানো শুরু করেন। ওই সময় ছোট নাওডুবি গ্রামের বাসিন্দা স্থানীয় ঝাটুরদিয়া বাজারের চা–দোকানি জাহাঙ্গীর মুন্সীর ছেলে ইব্রাহিম মুন্সীকে (২৭) ইতালি নিয়ে যান তিনি। ইব্রাহিমের সঙ্গে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কয়েকজন তরুণকেও বিদেশে নেয় এই চক্র।
ঘটনার পর থেকেই বন্ধ স্থানীয় দুই দালালের মুঠোফোন। তাদের বাড়িতেও কাউকে পাওয়া যায়নি।
আওয়ামী লীগ নেতা ফারুক মাতুব্বর বলেন, ‘শওকত ও রাসেল আমার আত্মীয়। তাদের ভরসাতেই আমার ছেলেকে পাঠাই। আমার দেখাদেখি বাকি দুজনও তাঁদের ছেলে পাঠান। আমার আত্মীয় হয়েও তারা এ রকম বিশ্বাসঘাতকতা, বেইমানি করবে আমি ভাবতেও পারছি না। আমি নিজেই খুব দুর্বিষহ অবস্থায় আছি। গত ২৭ জানুয়ারি থেকে বাড়িতে রান্না বন্ধ।’
ফারুক মাতুব্বর আরও জানান, ৭ ফেব্রুয়ারি তাঁর স্ত্রী মনোয়ারার সঙ্গে মুঠোফোনে লিবিয়ায় থাকা রাসেলের কথা হয়। তখন মনোয়ারা বলেন, ‘আমার ছেলের সাথে কথা কওয়ায় দাও।’ উত্তরে রাসেল বলেন, ‘আপনার ছেলের সাথে কীভাবে কথা কওয়্যা দেবো। সে তো মইরা গেছে।’