মির্জাপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, কয়েক শ কোটি টাকার ক্ষতির আশঙ্কা
টাঙ্গাইলের মির্জাপুরে দীর্ঘ প্রায় ১৫ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা নাসির গ্লাসওয়্যার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে এর আগেই কয়েক শ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ৬০ জন কর্মী ও ২০ জন স্বেচ্ছাসেবক কাজ করেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছিলেন।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও কারখানার সূত্র জানায়, গতকাল বুধবার রাত ১১টার দিকে কারখানাটির নাসির গ্লাসওয়্যার বিভাগের দোতলা ভবনের নিচতলার ফিনিশড গুডস ওয়্যারহাউসের (তৈরি করা মালামাল প্যাকেট করে রাখার স্থান) উত্তর-পূর্ব কর্নারে হঠাৎ আগুন লাগে। এ সময় দ্বিতীয় তলায় প্রায় ১৫০ জন শ্রমিক কাজ করছিলেন। আগুন দেখে তাঁরা দৌড়ে নিচে নামেন। এতে তাড়াহুড়া করতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে কাদের মিয়া নামের এক শ্রমিক কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।
পুড়ে যাওয়া ভবনটি নতুনভাবে স্থাপন করতে হবে। পুড়ে যাওয়া দুটি ফার্নেস মেশিনের মূল্য প্রায় পৌনে ২০০ কোটি টাকা। কয়েক কোটি উৎপাদিত পণ্য ও কার্টন পুড়ে গেছে।
আজ সকালে সরেজমিনে দেখা যায়, এক পাশ থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অন্য পাশে আবার আগুন জলে উঠছিল। এ সময় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। রাতে আগুন লাগার সময় কারখানার শ্রমিকেরা ভেতর থেকে কিছু মালামাল বাইরে আনতে সক্ষম হন, তা স্তূপ করে রাখা হয়েছে। বিমর্ষ শ্রমিকেরা দাঁড়িয়ে ফায়ার সার্ভিসের আগুন নেভানোর কাজ দেখছেন।
কারখানার শ্রমিক জয়নুল আবেদীন বলেন, রাতে তাঁরা ভবনটির পাশের মাঠে ভলিবল খেলছিলেন। হঠাৎ পৌনে ১১টার দিকে ‘আগুন আগুন’ চিৎকার শুনে দৌড়ে যান। তাঁরা তাৎক্ষণিক কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় থাকা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। আগুন ছড়িয়ে পড়ে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, আগুন লাগার কিছুক্ষণ পর তাঁরা ঘটনাটি জানতে পারেন। মির্জাপুর ছাড়াও টাঙ্গাইল, এলেঙ্গা, ঘাটাইল, সখীপুর, বাসাইল এবং গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সদস্যরা কাজ করেন।
রেজাউল করিম বলেন, কারখানার স্টিলের তাপের কারণে আগুন ছড়িয়ে পড়েছে। এখানে দাহ্য পদার্থ, র ম্যাটেরিয়ালস (কাঁচামাল), প্যাকিং বক্স রয়েছে। গোডাউনটি কয়েক লাখ স্কয়ার ফুটের। বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সন্ধ্যা পর্যন্ত ধোঁয়া উঠছিল। থেকে থেকে বিভিন্ন জায়গায় মালামালের স্তূপের পাশে একটু একটু করে আগুন জ্বলছিল। অগ্নিকাণ্ডের সূত্রপাত তদন্ত করে জানা যাবে।
কারখানার সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জয়নাল আবেদীন বলেন, কারখানার পুড়ে যাওয়া ভবনটি নতুনভাবে স্থাপন করতে হবে। পুড়ে যাওয়া দুটি ফার্নেস মেশিনের মূল্য প্রায় পৌনে ২০০ কোটি টাকা। কয়েক কোটি উৎপাদিত পণ্য ও কার্টন পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।