মেহেন্দীগঞ্জে নৌকাডুবির ঘটনায় তিনজনের সন্ধান মেলেনি
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির পর দুজনের মরদেহ উদ্ধার করা গেলেও এখনো দুই শিশুসহ তিনজন নিখোঁজ। তাঁদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টর্গাড ও পুলিশ। তবে আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রথম দিনের অভিযান স্থগিত করা পর্যন্ত নিখোঁজ কারও সন্ধান মেলেনি।
স্থানীয় গজারিয়া নদীতে নৌকাটি ডুবে বেলা পৌনে ১১টার দিকে। এরপর গজারিয়া নদীতে টহলরত কোস্টগার্ডের একটি দল ও জেলেরা দুপুর ১২টার দিকে মাহিনুর বেগম (৫৫) ও তাঁর মেয়ে নাসরিন বেগমের (২৫) লাশ উদ্ধার করে। নিখোঁজ তিনজন হলেন মালা বেগম (৩০), নিহত নাসরিন বেগমের দুই ছেলে ইয়ামিন (৩) ও রোহান (৫)। নিহত ও নিখোঁজ ব্যক্তিরা উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের মাঝের চরের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, মাহিনুর বেগমের ভাশুরের মেয়ের জামাই কবির কাজী শুক্রবার ভোরে মারা যান। কবির কাজী গজারিয়া নদীর পূর্বতীর দড়িচর খাজুরিয়া গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুর খবর পেয়ে মাহিনুর বেগমসহ ১১ স্বজন দড়িচর খাজুরিয়ায় যাওয়ার জন্য বেলা সাড়ে ১০টায় ইঞ্জিনচালিত নৌকায় করে কবির কাজীর বাড়ির উদ্দেশে রওনা হন। গজারিয়া নদীর প্রচণ্ড ঢেউয়ে মাঝনদীতে নৌকাটি ডুবে যায়।
এ সময় কাছেই কোস্টগার্ডের একটি টহল দল থাকায় কোস্টগার্ড ও জেলেরা ছয়জনকে জীবিত উদ্ধার করতে পারলেও মা-মেয়ে নিহত হন। নিখোঁজ হন তিনজন।
নিহত মাহিনুর বেগম মাঝেরচর গ্রামের মৃত আবদুস সালাম হাওলাদারের স্ত্রী। তাঁর মেয়ে নাসরিন বেগমের স্বামী রহিম চৌকিদারও ওই নৌকাতে ছিলেন। তাঁকে কোস্টগার্ড উদ্ধার করতে পারলেও তাঁর দুই শিশুসন্তান রোহান ও ইয়ামিন এখনো নিখোঁজ। নিখোঁজ মালা বেগম মাঝেরচর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
মেহেন্দীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদ জামান বলেন, মেহেন্দীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও কোস্টগার্ড নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে দিনভর অভিযান চালায়। সন্ধ্যা হয়ে যাওয়ায় অভিযান স্থগিত রাখা হয়েছে।