মোংলায় যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার মারুফ হোসাইন
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. মারুফ হোসাইনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাতে খুলনার কয়রা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে আজ দুপুরে মারুফকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের নামে নিহতের বড় বোন খাদিজা বেগম মোংলা থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তার মারুফ খুলনার কয়রা উপজেলার মো. আবদুর রশিদের ছেলে। তিনি মোংলা পৌর শহরের ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।

আরও পড়ুন

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত মারুফকে গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল। রাতে খুলনার কয়রা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সোমবার রাত আটটার দিকে মোংলা পোর্ট পৌরসভার ছাড়াবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জেরে শাহীনকে ছুরিকাঘাত করেন মারুফ। সাবেক স্ত্রীকে বিয়ে করা নিয়ে মারুফের সঙ্গে শাহীনের বিরোধ তৈরি হয়। নিহত শাহীনের স্ত্রী নাদিরা বেগম আগে মারুফের স্ত্রী ছিলেন। নিহত শাহীন ওই এলাকার মো. একরামুল হকের ছেলে। তিনি মোংলা পোর্টে জাহাজের শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, দেড় বছর আগে মারুফের সাবেক স্ত্রী নাদিরা বেগমকে বিয়ে করেন শাহীন। এরপর থেকেই শাহীনের সঙ্গে মারুফের বিরোধ তৈরি হয়। এ নিয়ে শাহীনকে একাধিকবার হুমকি-ধমকি দেয় বলে নিহতের পরিবারের অভিযোগ।