যশোরে যুবদলের সমাবেশে পুলিশের লাঠিপেটা, আহত ২৫
যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ২৫ নেতা–কর্মী আহত হয়েছেন। লাঠিপেটায় অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। শনিবার বিকেলে যশোর শহরের লালদীঘিপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
দলীয় নেতা–কর্মী সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি আকবর আলী হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর শহরের লালদীঘিপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে বেলা সাড়ে তিনটায় বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক প্রমুখ।
সমাবেশস্থলে শুরু থেকেই পুলিশ মোতায়েন ছিল। প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম বক্তব্য দেওয়ার আগেই পুলিশ সমাবেশে লাঠিপেটা করে দলীয় নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এই কর্মসূচি আয়োজনের আগে পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়। তারপরও পুলিশ অতর্কিতভাবে সমাবেশে হামলা চালিয়ে নেতা–কর্মীদের ওপর লাঠিপেটা করেছে। এতে ২৫ নেতা–কর্মী আহত হয়েছেন। তাঁদের জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলে থাকা চেয়ার ও কর্মীদের মোটরসাইকেলও ভাঙচুর করেছে পুলিশ।
যুবদলের সমাবেশে পুলিশের লাঠিপেটা ও ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে যশোর পুলিশের মুখপাত্র ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপম কুমার সরকার বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’
এ বিষয়ে পুলিশের বক্তব্য জানার জন্য যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলামের দাপ্তরিক মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও কেউ ফোন ধরেননি।