সিরাজগঞ্জে পুলিশি বাধায় যুবদলের কর্মসূচি হয়নি, অভিযোগ নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবদল নেতা আলী আকবর
ছবি:সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবর আলী হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি পুলিশি বাধার কারণে পালন করতে পারেননি বলে দাবি করেছেন জেলা যুবদলের নেতারা। এর আগে আকবর আলী হত্যার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় যুবদলের কেন্দ্রীয় কমিটি।

সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘যুবদল নেতা আকবর আলী হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ আমাদের বাধা দেয়। পাশাপাশি রাস্তায় নামলে সরাসরি গুলি করা হবে বলে ভয়ভীতি দেখানো হয়েছে। আমরা যাতে কোনো ধরনের বিক্ষোভ না করতে পারি, সে জন্য শুক্রবার রাত থেকেই পুলিশ সুপারের পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অথচ এই নৃশংস হত্যার তিন দিন চলে গেলেও এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করেনি পুলিশ। আমরা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাই।’

আরও পড়ুন

পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, ‘সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই হত্যা মামলাকে বিবেচনা করা হচ্ছে। একটি হত্যার পেছনে অনেক কারণ থাকতে পারে। সেই বিষয়গুলো চিহ্নিত করতে পিবিআইসহ আমাদের সব তদন্ত বিভাগ কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’ বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় কোনো রাজনৈতিক কর্মসূচির বিষয়ে তিনি জানেন না।

আকবর আলী হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ ১৫ জনকে আসামি করে বেলকুচি থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নিহত আকবর আলীর স্ত্রী হাসি বেগম বাদী হয়ে মামলাটি করেন। এর আগে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় সিরাজগঞ্জ জেলা বিএনপি। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

আরও পড়ুন

গত বুধবার রাত আটটার দিকে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজারে যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আকবর আলী সয়দাবাদ ইউনিয়নের বড় সারুটিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

আরও পড়ুন