যুবদল নেতা আকবরকে হত্যার অভিযোগে আ.লীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলী আকবরকে হত্যার অভিযোগে বেলকুচি থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে নিহত আলী আকবরের স্ত্রী হাসি বেগম বাদী হয়ে মামলাটি করেন।
ওই মামলায় সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীদুল ইসলাম, সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগান তালুকদার, সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. প্রতীক, শাহ্ আলীর ছেলে মো. স্বাধীন, মো. জিন্নার ছেলে মো. সুজন, বড় সারটিয়া গ্রামের শুকুর আলীর ছেলে মফিজুল মোল্লা, মৃত আবু সামার ছেলে মো. হেলাল ও বেলকুচি থানার মাইঝাইল গ্রামের আবদুল হাইয়ের ছেলে লিটনসহ আটজনের নাম উল্লেখ করে আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে যুবদল নেতা আলী আকবরের রাজনৈতিক কোন্দল চলছিল। এর পরিপ্রেক্ষিতে আসামিদের পক্ষ থেকে বেশ কয়েকবার আকবরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে আসামি লিটন ব্যবসায়িক কথা আছে বলে তাঁকে মুঠোফোনে রান্ধুনীবাড়ী বাজার এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে যাওয়ার পর ইউসুফ আলীর চালের দোকানের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে আসামিরা তাঁকে গুলি করে হত্যা করেন। আসামিরা তাঁর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এর আগে গতকাল বৃহস্পতিবার যুবদল নেতা আলী আকবর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের একজন নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে আমরা মনে করি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি জানাই।’
আকবর হত্যার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ
সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবদুল জব্বার বলেন, যুবদল নেতা আলী আকবর হত্যার দুই দিন চলে গেলেও পুলিশ এখনো কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
এই হত্যা মামলার বিষয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হোসেন আলী হাসান প্রথম আলোকে বলেন, ‘যুবদল নেতা হত্যার ঘটনাটি মোটেই রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। ব্যবসায়িক কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে। অথচ বিএনপির নেতারা এটিকে ভিন্ন দিকে ঠেলে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের নেতা–কর্মীদের নামে মামলা দিচ্ছেন। এমনটি দুঃখজনক।’
গত বুধবার দিবাগত রাত আটটার দিকে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজারে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলী আকবরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আলী আকবর সদর উপজেলার বড় সারুটি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।