রক্তিমকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে স্থানান্তর
কক্সবাজারের চকরিয়ায় পিকআপের ধাক্কায় গুরুতর আহত রক্তিম সুশীলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোববার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চমেকে পাঠানো হয়। ওই দুর্ঘটনায় রক্তিমের পাঁচ ভাই নিহত হন।
চিকিৎসকেরা জানান, জেনারেল হাসপাতালে নিউরো সার্জারির বিশেষায়িত বিভাগ না থাকায় রক্তিমকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। রক্তিম হাত, পা, মাথা ও পাঁজরসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
চমেকের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক নোমান খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রক্তিমকে আইসিইউতে রাখা হয়েছে। তিনি এখনো অচেতন। নিউরোর উন্নত চিকিৎসার জন্য এখানে ভর্তি করা হয়েছে তাঁকে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে চকরিয়া উপজেলার মালুমঘাটা এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার সড়কের পাশে রক্তিমসহ পরিবারের অন্যান্য সদস্যদের একটি দ্রুতগতির পিকআপ ধাক্কা দেয়। ১০ দিন আগে মারা যাওয়া তাঁদের বাবা সুরেশে সুশীলের শ্রাদ্ধ শেষে বাড়িতে ফিরছিলেন তাঁরা। পিকআপের ধাক্কায় রক্তিমের পাঁচ ভাই নিহত হন।
রক্তিম, তাঁর ভাই প্লাবন ও বোন হিরাসহ তিনজন গুরুতর আহত হন। প্লাবন বৃহস্পতিবার চমেক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। হিরা হাসপাতালে ডুলাহাজরা চিকিৎসাধীন রয়েছেন।