রাঙামাটিতে ছাত্রলীগ নেতার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
রাঙামাটিতে ছাত্রলীগ নেতা জয় ত্রিপুরার (২৫) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রলীগের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসনের ফটকের সামনে এ সমাবেশ করা হয়।
গত বুধবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও হামলায় রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক জয় ত্রিপুরা নিহত হন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে জয় ত্রিপুরার বড় ভাই সাগর ত্রিপুরা বাদী হয়ে কোতোয়ালি থানায় চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জয় ত্রিপুরার হত্যার প্রতিবাদে আজ সকালে জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের পৌরসভার মাঠ থেকে শুরু হয়ে কাঁঠালতলি, বনরূপা ও হ্যাপির মোড় ঘুরে জেলা প্রশাসনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সকাল ১০টার দিকে সেখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবদুল জব্বারের সভাপতিত্বে রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসীন, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. সামুসল আলম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলাম ও পৌর ছাত্র লীগের সভাপতি আলাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, জয় ত্রিপুরা খুনের ঘটনার ৩০ ঘণ্টা পার হয়ে গেছে। কিন্তু এ ঘটনায় পুলিশ কোনো আসামি চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে ছাত্রলীগ আরও কঠিন কর্মসূচিতে নামবে বলে এ সময় হুঁশিয়ারি দেওয়া হয়।
জানতে চাইলে কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামিদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে শিগগিরই এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।
এদিকে ঘণ্টাব্যাপী এ সমাবেশের রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।