রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়েছিল। বাকি ৫ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ১০, চাঁপাইনবাবগঞ্জের ৩, নাটোরের ২, নওগাঁর ১ ও পাবনার ১ জন আছেন। করোনা পজিটিভ ১২ জনের মধ্যে রাজশাহীর ৭, চাঁপাইনবাবগঞ্জের ২, নাটোরের ২ ও পাবনার ১ জন।
এর আগের ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে মারা গেছেন ২২ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত প্রতিদিন মৃত্যু ১০ থেকে ২৫ এর মধ্যে ওঠানামা করছে।
আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৫৫ জন। এখন হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৪৬৮ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২০২, সন্দেহভাজন ২০৬ ও নেগেটিভ ৬০ জন। আগের দিনে হাসপাতালে মোট রোগী ছিলেন ৪৬২ জন। রোগী বাড়ার কারণে হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়ে ৪০৫ করা হয়েছে।
আগের দিন দুটি ল্যাবে রাজশাহী জেলার মোট ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৯৮ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ৪২ দশমিক ৩৯। আগের দিনে এই হার ছিল ৩৯ দশমিক ৯০ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জের ৮৫টি নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ২৩ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক শূন্য ৫ শতাংশ। আগের দিনে এই হার ছিল ৩৭ দশমিক ৯৩ শতাংশ।