রাজশাহীতে সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহীতে দাঁতের ব্যথায় ভুল ওষুধ দিয়ে এক শিশুর ক্ষতির অভিযোগে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার সকালে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক মো. সাইফুল ইসলামের আদালতে ওই শিশুর বাবা আয়নাল হক মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছেন। আগামী ২৩ নভেম্বর এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য রাজশাহীর সিভিল সার্জন কাইয়ুম তালুকদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার একমাত্র আসামি ভুয়া চিকিৎসক মফিজুল হক। তিনি রাজশাহীর কাটাখালী পৌরসভার এমাদপুর মহল্লার বাসিন্দা। কিন্তু তিনি কাটাখালী বাজারে চেম্বার খুলে নিয়মিত রোগী দেখতেন। সাইনবোর্ডে নিজের নামের সঙ্গে ব্যবহার করতেন ‘ডা.’ পদবিও। এলাকার লোকজন তাঁকে ‘মফিজ ডাক্তার’ নামেই চেনেন।

মামলার বাদী আয়নাল হকের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মিরকামারী দালালপাড়া গ্রামে। সম্প্রতি তিনি মফিজুলের চেম্বারে গিয়ে তাঁর ছেলে আবদুর রাফির (৭) একটি দাঁত তোলেন। এরপর ব্যথা না কমার কারণে ২৬ আগস্ট আবার তাঁর চেম্বারে যান। তখন মফিজুল একটি সিরাপ দেন।

সিরাপ সেবনের কিছুক্ষণের মধ্যেই শিশুটির পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তার সারা শরীরে আগুনে পোড়ার মতো ফোসকা পড়ে যায়। শিশুটির খাওয়াদাওয়াও বন্ধ হয়ে যায়। শিশুটি এখনো রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন। শিশুটির চোখ ও কণ্ঠনালির দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন

এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘কথিত চিকিৎসকের ওষুধে শিশুটির সর্বনাশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এদিকে ঘটনার পর থেকে ভুয়া চিকিৎসক মফিজুল হক চেম্বার খোলেন না। ওই শিশুকে দেওয়া ব্যবস্থাপত্রে দেখা গেছে, মফিজুল হকের নামের নিচে পদবি হিসেবে লেখা হয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল), এফটি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ রেজিস্ট্রেশন নম্বর ৭৬৫৩। অথচ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ ধরনের কোনো ডিগ্রি দেওয়া হয় না। তাঁর বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ রেজিস্ট্রেশন নম্বরটিও ভুয়া। অনুষদ এ ধরনের কোনো নিবন্ধন দেয় না বলে খোঁজ নিয়ে জানা গেছে।