রুবেল–বরকতের সহযোগী ব্যবসায়ী নেতা সিদ্দিকুর চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার
ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সিদ্দিকুর রহমানকে (৪০) চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় ধানমন্ডির ১১ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশের একটি দল।
গ্রেপ্তার সিদ্দিকুর রহমান ফরিদপুরে আলোচিত দুই ভাই শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের সহযোগী। তিনি ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর মহল্লার সাবেক পৌর কমিশনার মৃত আলাউদ্দিন শেখের ছোট ছেলে। ইটভাটা, পাথর ব্যবসা ও ঠিকাদারি করেন। আলাউদ্দিন ট্রেডিং কোং, এ বি অটো ব্রিক, আলাউদ্দিন রেডিমিস্টসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তিনি।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি জানায় জেলা পুলিশ। লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় চারটি মামলা আছে। এর মধ্যে তিনটি মামলা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড–সম্পর্কিত। অপর একটি হত্যা মামলা। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড–সম্পর্কিত তিনটি মামলায় তাঁর নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে। হত্যা মামলাটি তদন্তাধীন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও চারটি সিআর মামলা আছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে ফরিদপুর শহরে বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী গঠন করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস, বিভিন্ন হাটবাজার ইজারা, বালুমহাল নিয়ন্ত্রণ, ভূমি দখল, বাসস্ট্যান্ড, সিঅ্যান্ডবি ঘাট দখলসহ বিভিন্ন সরকারি অফিসে ত্রাস সৃষ্টি করে অঢেল সম্পদ অর্জন করেছেন।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মো. আবদুল গফফার। তিনি বলেন, ধানমন্ডি থানা ও ফরিদপুর কোতোয়ালি থানার সাত সদস্যের একটি দল সিদ্দিকুরের ধানমন্ডির বাসায় অভিযান চালায়। দরজায় টোকা দেওয়ার পর সিদ্দিক বের হয়ে আসেন। তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি ছিলেন না। সিদ্দিকুর বলেছিলেন, তিনি সব কটি মামলায় হাইকোর্ট থেকে জামিনে আছেন। এ নিয়ে পুলিশ সদস্যের সঙ্গে সিদ্দিকের বাদানুবাদ হয়। একপর্যায়ে পুলিশ সিদ্দিককে গ্রেপ্তার করে।
সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়। মামলার বাদী ফরিদপুর সদরের চারমাধবদিয়া এলাকার লুৎফর রহমান ওরফে নান্নু মিয়া। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ওই চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার বিকেলে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
পরে বিকেল মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, শুনানি শেষে সিদ্দিকুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সিদ্দিকের ভাই ফরিদপুর পৌরসভার কাউন্সিলর মো. জলিল বলেন, হাইকোর্টের নির্দেশ ছিল, পরোয়ানা ছাড়া সিদ্দিকুর রহমানকে কোনো মামলায় গ্রেপ্তার কিংবা হয়রানি করা যাবে না। হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে সিদ্দিকুর রহমানের নামে নতুন মামলা দেখিয়ে ও আদালতের কোনো পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করেছে ফরিদপুরের পুলিশ।
এ বিষয়ে হাইকোর্টের আইনজীবী সৈয়দ মোহাম্মদ রায়হান উদ্দিন বলেন, গত ২১ নভেম্বর সিদ্দিকুর রহমান হাইকোর্টে একটি রিট করেন। রিট আবেদনে হাইকোর্টকে জানানো হয়, ছয়টি পুলিশ কেসে কোনো এজাহারে সিদ্দিকের নাম নেই। অথচ তাঁকে একটার পর একটা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। পরে আদালত নির্দেশ দেন, সুনির্দিষ্ট মামলা ও মামলার পরোয়না ছাড়া সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার কিংবা হয়রানি করা যাবে না।
১৩ ডিসেম্বর ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তিন বছর মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ১৬ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা কমিটি নির্বাচিত হবে। ওই নির্বাচনে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেম্বারের সভাপতি সিদ্দিকুর রহমান ওই নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০২০ সালের ৭ জুন রাতে ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। ওই দিনই গ্রেপ্তার করা হয় আলোচিত দুই ভাই রুবেল ও বরকতকে। এরপর গ্রেপ্তার করা হয় আরেক আলোচিত ব্যক্তি ফরিদপুর সদরের সাংসদ খন্দকার মোশাররফের এপিএস জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এ এইচ এম ফোয়াদকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করল পুলিশ।
২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে ফরিদপুর-৩ আসনের সাংসদ নির্বাচিত হন খন্দকার মোশাররফ হোসেন। অভিযোগ রয়েছে, বরকত-রুবেল, ফোয়াদ-সিদ্দিক সাংসদের ঘনিষ্ঠজন হিসেবে প্রায় ১০ বছর ধরে টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে ফরিদপুরে ত্রাসের রাজত্ব কায়েম করেন। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ১৮ মে রাতে শহরের গোয়ালচামট মহল্লায় অবস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বছর ২০ মে একটি মামলা করেন সুবল চন্দ্র সাহা। সেই ধারাবাহিকতায় ওই বছর ৭ জুন বিশেষ অভিযান শুরু করে পুলিশ।