রুহুল কবির রিজভীসহ ৫২ জনকে আসামি করে সাভারে মামলা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বুধবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে বিএনপির দুইজনকে আটক করে পুলিশ। পরে পুলিশের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে
ছবি: প্রথম আলো

সাভারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও অনুমতি ছাড়া মহাসড়কে মিছিলের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫২ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল কবির বাদী হয়ে এ মামলা করেন।

এই মামলায় বিএনপির তিন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইদুল ইবনে হাসিব, আশুলিয়া থানা যুবদলের জাহিদ হোসেন ও আশুলিয়া থানা ছাত্রদলের জালাল ভূইয়া।

মামলা সূত্রে জানা গেছে, বুধবার বিএনপির নেতা–কর্মীরা সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করতে চান। মিছিলের কোনো অনুমতি না থাকায় পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় বিএনপির নেতা–কর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালান ও রাষ্ট্রীয় কাজে বাধা দেন। এ সময় দুজন পুলিশ সদস্য আহত হন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশের ওপর হামলা ও অনুমতি ছাড়া মিছিলের অভিযোগে বিএনপির তিন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর বাসভবনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দীন, নিপুণ রায় চৌধুরী, নাজিম উদ্দীন মাস্টার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ দলের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে সেখান থেকে নেতা–কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করতে গেলে মহাসড়কে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ ২০-২২ জন নেতা-কর্মী আহত হন।

আরও পড়ুন