রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ৪ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিলি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শ্রমিকদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের শরীরের ৫০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইউব হোসেন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অবস্থিত লিলি কেমিক্যাল কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই কারখানার ৯ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকেরা সবাই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ব্যক্তিরা হলেন আকালু মিয়া (৩৫) মো. মুজাহিদ (২৩), মো.বায়েজিদ (৩০), মো. সজীব মিয়া (৩০), মো. রাসেল (২০), খাদেমুল (৩০), রোকন মিয়া (২৫), রিপন ও (২৪), মেহেদী হাসান (২১)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইউব হোসেন প্রথম আলোকে বলেন, দগ্ধ শ্রমিকদের মধ্যে আকালুর শরীরের ৯০ শতাংশ, মুজাহিদের ৮০ শতাংশ, বায়েজিদের ৭৫ শতাংশ ও সজীবের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। বাকি পাঁচ শ্রমিকের শরীর ৭ থেকে ১৫ থেকে শতাংশ পুড়ে গেছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারখানাটি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার এ কে এম সেলিম নামের এক ব্যবসায়ীর। রাঙামাটি থেকে রবার এনে ওই কারখানায় জুতায় ব্যবহৃত আঠা তৈরি করা হয়। ওই কারখানায় অন্তত ৫৮ জন শ্রমিক কাজ করেন বলে জানা গেছে। এর মধ্যে অনেকেই কারখানার ভেতরে বসবাস করেন।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টার দিকে টিনশেড ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানাটি চালু ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কারখানার কয়েক শ্রমিক অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ড কী কারণে ঘটেছে, তা জানার চেষ্টা চালানো হচ্ছে।