লুডু খেলা নিয়ে ঝগড়ার জেরে হত্যা করা হয় ময়মনসিংহের যুবলীগ নেতাকে
লুডু খেলা নিয়ে ঝগড়ার জের ধরে ময়মনসিংহের যুবলীগ নেতা পারভেজ মিয়াকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। তাঁরা বলছেন, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে পারভেজের সঙ্গে দিলীপসহ কয়েকজনের বিরোধ ছিল। মূলত সে বিরোধের কারণেই লুডু খেলার মতো সামান্য ঘটনায় পারভেজকে হত্যা করতে পারে।
পারভেজ মিয়া ময়মনসিংহ মহানগরের ২৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। তিনি ময়মনসিংহ সদর উপজেলার বিলুপ্ত আকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ নগরের ২৯ নম্বর ওয়ার্ডের গন্দ্রপা এলাকায় প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম হন পারভেজ। পরে রাত সাড়ে ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ মারা যান। এ ঘটনায় আজ শনিবার দুপুর পর্যন্ত মামলা হয়নি। তবে পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আজ শনিবার সকালে গন্দ্রপা এলাকায় পারভেজের বাড়িতে গিয়ে কথা হয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে। তাঁরা জানান, শুক্রবার বিকেলে গন্দ্রপা এলাকার একটি মোড়ে বসে লুডু খেলেন ওই এলাকার চা–দোকানি দিলীপের ভাগনে হিরণ ও নিহত পারভেজের চাচাতো ভাই মো. সিদ্দিক। লুডু খেলা নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া ও ধাক্কাধাক্কি হয়। পরে উপস্থিত এলাকাবাসী তাৎক্ষণিক ঝগড়া মিটমাট করে দেন।
স্থানীয় লোকজন বলছেন, লুডু খেলার ঝগড়ার জের ধরে হিরণের মামা দিলীপ উসকানিমূলক মন্তব্য করতে থাকেন। দিলীপ প্রকাশ্যে বলতে থাকেন, সিদ্দিকদের পরিবারের যে কাউকে পেলে হাত–পা কেটে নেবেন। রাত আটটার দিকে গন্দ্রপা এলাকার ওই মোড় পার হয়ে যাচ্ছিলেন পারভেজ মিয়া। ওই সময় দিলীপ পারভেজের সামনেও এমন মন্তব্য করেন। দিলীপের মন্তব্যে পারভেজ মিয়া ক্ষিপ্ত হয়ে দিলীপের সামনে গিয়ে বলতে থাকেন, ‘তোর কত বড় সাহস, দেখি আমার হাত–পা কাট।’ এ কথা বলার সঙ্গে সঙ্গে দিলীপ ও আরও কয়েকজন মিলে পারভেজের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। ওই সময় পারভেজের সঙ্গে ছিলেন তাঁর রাজনৈতিক কর্মী রাজীব। এ ঘটনায় রাজীব আহত হন।
শনিবার বেলা ১১টার দিকে নিহত পারভেজের বাড়ির সামনে আহাজারি করছিলেন পারভেজের বোন সাবিনা আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি ভাই হত্যার বিচার দাবি করেন।
পারভেজের চাচাতো ভাই আবদুল হান্নান বলেন, লুডু খেলা নিয়ে ঝগড়া হওয়া ছাড়া পারভেজের সঙ্গে দিলীপদের কোনো পূর্ববিরোধ ছিল না। সামান্য কারণে যারা তাকে হত্যা করেছে, তাঁদের বিচার চান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে পারভেজের সঙ্গে দিলীপসহ আরও কয়েকজনের বিরোধ ছিল। মূলত সে বিরোধের কারণেই লুডু খেলার মতো সামান্য ঘটনায় পারভেজকে হত্যা করতে পারে। ঘটনার পর থেকে অভিযুক্ত দিলীপসহ অন্যরা পলাতক।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। দুপুর ১২টা পর্যন্ত মামলা হয়নি।