লোকালয়ে আসা অচেনা প্রাণীটি গন্ধগোকুল
ময়মনসিংহ সদর উপজেলার মাইজহাটি গ্রামে আসা অচেনা প্রাণীটির পরিচয় শনাক্ত করে বন বিভাগ। প্রাণীটির নাম গন্ধগোকুল। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বন বিভাগের ময়মনসিংহ সদর রেঞ্জের বিট কর্মকর্তা মো. মোখলেছুর রহমান প্রাণীটিকে আনতে মাইজহাটি গ্রামে যান। এটিকে প্রথমে ময়মনসিংহ বন বিভাগের অফিসে নেওয়া হবে। পরে এটি মধুপুর বনে ছেড়ে দেওয়ার পরিকল্পনা আছে।
গতকাল বুধবার দুপুরে হঠাৎই মাইজহাটি গ্রামে হাবিবুর রহমান নামের একজনের বাড়িতে অচেনা প্রাণীটি দেখে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে গ্রামবাসী জাল দিয়ে ফাঁদ তৈরি করে প্রাণীটিকে আটক করে একটি লোহার খাঁচায় রাখে। আজ সকালে বন বিভাগের কর্মকর্তা মোখলেছুর রহমান মাইজহাটি গ্রামে গিয়ে গ্রামবাসীকে জানান প্রাণীটির নাম গন্ধগোকুল।
মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, গন্ধগোকুল সাধারণত বনে থাকে। এটি হিংস্র প্রাণী নয়। এগুলো বন থেকে ফলমূল, পোকা ও পাখি খেয়ে বেঁচে থাকে।
মাইজহাটি গ্রামের লুৎফুর রহমান বলেন, ‘আজ সকালে বন বিভাগের একজন কর্মকর্তা আসার পর আমরা স্থানীয় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে প্রাণীটি হস্তান্তরের পরিকল্পনা করছি।’
মাইজহাটি গ্রামের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, যে এলাকায় গন্ধগোকুলটি ধরা পড়েছে, সে এলাকায় ঘন কোনো জঙ্গল নেই। হঠাৎ প্রাণীটি গ্রামে আসায় গতকাল মানুষের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। এটিকে জাল দিয়ে ফাঁদ তৈরি করে আটক করা হয়। আটকের সময় গন্ধগোকুলটি কিছুটা আহত হয়।